জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নরেন্দ্র মোদির নতুন সরকারকে হুঁশিয়াির করে বলেছেন, ভারতীয় সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়া হলে এ রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে৷ খবর এনডিটিভি ও দ্য হিন্দু৷
প্রধানমন্ত্রীর কার্যালয়বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের এক বিতর্কিত মন্তব্যের জেরে এই হুঁশিয়ারি দেন ওমর আবদুল্লাহ৷
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জিতেন্দ্র সিংয়ের করা মন্তব্য ভারতের নতুন সরকারের জন্য প্রথমবারের মতো বিতর্কের ঝড় তুলেছে৷ বিবৃতিতে জিতেন্দ্র বলেন, সংবিধানের ওই অনুচ্ছেদের বিষয়ে বিতর্ক শুরু করতে সরকার প্রস্তুত৷
এর কিছু পরই ওই মন্তব্যকে কড়া ভাষায় নাকচ করে দিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক টুইট বার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিমন্ত্রী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রক্রিয়া/আলোচনা শুরু হয়েছে বলে বলেছেন৷ বাহ্ এটা তো বড্ড রাতারাতি শুরু৷ কে যে (এসব) বলছেন, তা নিশ্চিত নই৷’
আবদুল্লাহ অারও বলেন, ‘আমার কথা মনে রেখো ও এই টুইট লিখে রেখো, মোদি সরকার হয়তো ভুলে গেছে, ৩৭০ অনুচ্ছেদ না থাকলে কাশ্মীর আর ভারতের অংশ থাকবে না৷’
আবদুল্লাহর এ হুঁশিয়ারির পর জিতেন্দ্র সিংয়ের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, ‘অনুচ্ছেদ ৩৭০ নিয়ে বিবৃতি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে৷ এ নিয়ে বিতর্ক একেবারেই ভিত্তিহীন৷’
প্রসঙ্গত, অনুচ্ছেদ ৩৭০-এর অধীন জম্মু ও কাশ্মীরকে এক বিশেষ স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে ভারতে৷