৩৯ বছর পরে খোঁজ মিলল তাঁর
৩৯ বছর আগে চাকরির খোঁজে সৌদি আরবে নিজ বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। মাকে বলেছিলেন তিনি ইরাকের সীমান্তবর্তী শহর আরারে যাচ্ছেন। কিন্তু সেখানে আর যাওয়া হয়নি। বাড়ি থেকে বের হওয়ার পরে দুর্ঘটনার শিকার হন তিনি। হারিয়ে ফেলেন স্মৃতিশক্তি।
৩৯ বছর পরে ৭০ বছর বয়সে তাঁকে পাকিস্তান থেকে উদ্ধার করা হয়। কিছু স্মৃতি ফিরে এলেও এখনো নিজের নাম মনে করতে পারেননি তিনি। গতকাল শুক্রবার সৌদি একটি পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।
‘ডন’-এ প্রকাশিত এক খবরে বলা হয়, ওই ব্যক্তি কীভাবে পাকিস্তানে পৌঁছান তা জানা যায়নি। পাকিস্তানে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু পাকিস্তানের সরকার কারাগারে রাখার মতো পর্যাপ্ত কোনো তথ্যপ্রমাণ না থাকায় ওই ব্যক্তিকে এক বছর পরে মুক্তি দেন। মুক্তির পরে ৩১ বছর বয়সী ওই ব্যক্তি জনহিতৈষী এক নারীর আশ্রয়ে থাকেন। অজ্ঞাত নাম ও পরিচয়ে তিনি ওই আশ্রয়কেন্দ্রেই দরিদ্র লোকদের সঙ্গে বাস করতে থাকেন।
আশ্রয়দাতা ওই নারী করাচিতে নিযুক্ত সৌদি কনস্যুলেটে যোগাযোগ করার চেষ্টা করেন। কারণ, ওই ব্যক্তি তাঁকে জানিয়েছিলেন, তিনি সৌদি আরবে থাকেন। তবে সৌদি আরবের ঠিক কোথায় তিনি থাকেন তা মনে করতে পারেননি।
কনস্যুলেটের এক কর্মকর্তা একজনকে আশ্রয়কেন্দ্রে পাঠান। সেখানে হঠাত্ করেই পুরোনো কথা মনে করেন ওই ব্যক্তি। তিনি বলেন যে তিনি সৌদি আরব থেকে এসেছেন। পরে হঠাত্ নিজেকে আবিষ্কার করতে পারার মতো করে বলে ওঠেন যে তাঁর জন্মস্থান বুরেদাহ।
কনস্যুলেটের ওই কর্মকর্তা সৌদি সরকারকে বলেন, ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য তাঁকে সৌদি আরবে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর বয়স এখন ৭০ বছর।