৪ জুলাই হামলার পরিকল্পনা ছিল তামেরলানদের
যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন জড়িত ব্যক্তিরা মূলত আগামী ৪ জুলাই শহরটিতে অনুষ্ঠেয় স্বাধীনতা দিবস উদ্যাপনের অনুষ্ঠানে হামলার পরিকল্পনা করেছিলেন। তবে তাঁদের প্রত্যাশার চেয়ে অনেক আগেই বোমা তৈরির কাজ শেষ হয়ে যায়। আগেভাগে বোমা তৈরি হয়ে যাওয়ায় তাঁরা ম্যারাথনে বিস্ফোরণ ঘটান।নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে এসব কথা জানানো হয়েছে। এদিকে তামেরলান সারনায়েভের মরদেহ তাঁর স্বজনেরা গত বৃহস্পতিবার গ্রহণ করেছেন। ম্যাসাচুসেটস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির একজন মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন। সন্দেহভাজন এই হামলাকারীর স্ত্রী ক্যাথেরিন রাসেল এর আগের দিন মরদেহ গ্রহণের বিষয়ে সম্মতি দেন। তার আগে গত মঙ্গলবার রাতে তাঁর চাচা মেরিল্যান্ডের বাসিন্দা রাসলান সারনি মরদেহ গ্রহণ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।পুলিশের ভাষ্যমতে, ২৬ বছর বয়সী তামেরলান বোস্টন হামলার ঘটনার কয়েক দিনের মাথায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। তবে তাঁর ছোট ভাই জোখার সারনায়েভ সে সময় গুলিবিদ্ধ হলেও পালিয়ে যেতে সক্ষম হন। পরে আহত অবস্থায় তিনি ধরা পড়েন। বর্তমানে তিনি একটি কারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।জোখারই এফবিআইকে ৪ জুলাই হামলার পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন। বিবিসি।