৪ নভেম্বর মুরসির সমর্থকদের বিক্ষোভ
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকেরা আগামী ৪ নভেম্বর গণবিক্ষোভের ডাক দিয়েছে। এদিন অজ্ঞাত স্থানে আটক মুরসিকে বিচারের মুখোমুখি করার কথা। ‘রক্তপাত ও মানুষ হত্যায় উসকানি দেওয়ার’ অভিযোগে সেনা-সমর্থিত সরকার তাঁর বিচার করার উদ্যোগ নিয়েছে।
মুরসির বিচার-প্রক্রিয়ার মধ্য দিয়ে তাঁর দল মুসলিম ব্রাদারহুড ও সরকারের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এ কারণে নতুন করে অস্থিতিশীলতা দেখা দিতে পারে পিরামিডের দেশে।
মুরসির সমর্থক একটি গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, ‘আসছে ৪ নভেম্বর ড. মোহাম্মদ মুরসি ও তাঁর সহযোগীদের বিচারের মাধ্যমে জনগণ ও বিপ্লবের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দিতে চান অভ্যুত্থানের নায়কেরা।’
সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে গত জুলাইয়ে মুরসিকে ক্ষমতাচ্যুত করেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি।
মুরসিসহ কয়েকজন ব্রাদারহুড নেতার বিরুদ্ধে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে বিক্ষোভকারীদের নির্যাতন ও হত্যার অভিযোগ আনা হয়েছে। গত ডিসেম্বরের ওই বিক্ষোভে ১২ জনের বেশি লোক নিহত হয়। মুরসি তাঁর ক্ষমতা বাড়িয়ে এক অধ্যাদেশ জারি করার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রয়টার্স।