৪০ বছর পর
কোনো কিছু হারিয়ে যাওয়ার পর তা ফিরে পাওয়ার আনন্দ সে-ই বোঝে, যার হারিয়েছিল। সেটা যত তুচ্ছই হোক না কেন।আজ থেকে ৪০ বছর আগের ঘটনা। ছোট্ট একটি খোলা কক্ষে নিজের জ্যাকেট খুলে রেখেছিলেন রুডলফ রেসতার। তখন তিনি নিউইয়র্ক টাইমস-এর শিল্পনির্দেশক। জ্যাকেটটি হাতে নেওয়ার পর আবিষ্কার করলেন, পকেটে রাখা মানিব্যাগটি নেই। ৪০ বছর পর সম্প্রতি তিনি সেই মানিব্যাগটি ফিরে পেয়েছেন। রীতিমতো আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ঘটনা। তাই তো তাঁর চোখেমুখে বিস্ময়ের অন্ত নেই। পশ্চিম ম্যানহাটানের ৪৩ নম্বর সড়কে অবস্থিত নিউইয়র্ক টাইমস-এর পুরোনো ভবনের ওই কক্ষের একটি জানালার ফাঁকে পড়ে ছিল জীর্ণ মানিব্যাগটি। ভেতর থেকে টাকাগুলো কে বা কারা নিয়ে গেছে। তবে রেখে গেছে রুডলফের একটি সাদাকালো ছবি, আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড, সামাজিক নিরাপত্তা কার্ড, তাঁর স্ত্রী, দুই সন্তান ও বাবার ছবি। মানিব্যাগটি এভাবেই পড়ে ছিল দীর্ঘ ৪০ বছর। সম্প্রতি ওই ভবনের নিরাপত্তাকর্মী ৪৬ বছর বয়সী জোসে কিসনেরো আবিষ্কার করেন, জানালার ফাঁকে একটি মানিব্যাগ পড়ে আছে। সেটি হাতে নিয়ে সহকর্মী রাফায়েল রড্রিগেজকে দেখান। তিনি মানিব্যাগ ঘেঁটে ক্রেডিট কার্ড ও নিউইয়র্ক টাইমস পত্রিকার কর্মচারীদের জন্য গঠিত ব্লাড ব্যাংকের সদস্য কার্ড খুঁজে পান। তাঁরা দুজন সিদ্ধান্ত নেন রুডলফকে খুঁজে বের করে মানিব্যাগটি হস্তান্তর করবেন।সিদ্ধান্ত অনুযায়ী রুডলফকে খুঁজে বের করে তাঁর হাতে মানিব্যাগটি তুলে দেন রড্রিগেজ। এত দিন পর মানিব্যাগটি ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তিনি। উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে তাঁর স্ত্রীর একটি ছবি বের করে বলেন, ‘দ্যাখো, আমার স্ত্রীকে দ্যাখো, কত সুন্দর! আর সে জন্যই তো ওকে বিয়ে করেছি।’ ডেইলি মেইল অনলাইন।