৪০ বছরের ভালোবাসার টানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকো নামের একটি কাপুচিন বানর
চিকো নামের একটি কাপুচিন বানর

৪০ বছর ধরে এলিজেত ফারিয়াস কারমোনার পরিবারের সঙ্গে ছিল চিকো নামের একটি কাপুচিন বানর। দুই সপ্তাহ আগে ব্রাজিলের পরিবেশ পুলিশ বানরটিকে আটক করে নিয়ে যায়। বন্যপ্রাণী পোষা সে দেশে বেআইনি। অজ্ঞাত কেউ এ ব্যাপারে অভিযোগ করার পর পুলিশ আইনি ব্যবস্থা নেয়। বানরটির স্থান হয় একটি প্রাকৃতিক সংরক্ষণাগারে।
কিন্তু সেখানে ভালো ছিল না বানরটি। মালিক কারমোনার প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। পরে কর্তৃপক্ষের নির্দেশে বানরটিকে ওই পরিবারের কাছে ফিরিয়ে দিতে বাধ্য হয় পুলিশ।
বানরটিকে পুলিশের নিয়ে যাওয়ার খবর জানার পর ব্রাজিলে ব্যাপক সাড়া পড়ে যায়। সাও কার্লোসের  হাজার হাজার বাসিন্দা বানরটিকে মালিকের কাছে ফেরত দিতে অনলাইনে আবেদন করেন। শেষ পর্যন্ত বানরটি মনিবের বাড়ি ফিরেছে। আসিস শহরে প্রাকৃতিক সংরক্ষণাগার থেকে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চিকোকে নেওয়া হয় কারমোনার কাছে। কারমোনাকে দেখামাত্র বানরটি খাঁচা থেকে দৌড়ে তাঁর কোলে উঠে যায়। কারমোনার বাড়িতে চিকোর রয়েছে নিজের বিছানা। তাকে ফল ও দুধ খেতে দেওয়া হয়। চিকো ব্রাজিলের প্রচলিত কিছু খাবারও খায়। সেগুলো তার খুবই পছন্দের।
তবে জীববিজ্ঞানীরা ওই পরিবারটির ওপর কড়া নজরদারি করছেন। তাঁরা বানরটির নাম বদলাতে বলেন। কারণ বানরটি মেয়ে। কিন্তু তার নাম রাখা হয়েছে ছেলের নামে। চিকো নাম বদলে জীববিজ্ঞানীরা বানরটির নাম রাখতে বলেন কার্লা। তবে এত দিনের রাখা নাম বদলাতে চাননি চিকোর মালিক। ৭১ বছর বয়সী এলিজেত ফারিয়াস কারমোনা বলেন, বানরটি তাঁর কাছে ছেলের মতো। তাকে দেখতেও ছেলের মতো। জীববিজ্ঞানীরা বানরটির খাবার ও থাকার পরিবেশের দিকেও খেয়াল রাখবেন।

১৯৭৬ সালে কারমোনার পারিবারিক বন্ধু এক গাড়িচালক তাঁকে বানরটি উপহার দেন। এরপর থেকে বানরটিকে তিনি লালনপালন করছেন। সব জানার পর ব্রাজিলের বিচারক গাব্রিয়েলা মুলার কারিবা অ্যাতানাসিও বলেন, এত বছর পর বানরটির পরিবেশ বদলানোর কোনো কারণ নেই। তাই তাকে পুরোনো জায়গায় ফিরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ব্রাজিলের বন্যপ্রাণী আইন দুর্বল। এ কারণে দেশের অন্য জায়গা থেকে বন্যপ্রাণী নিয়ে আনা সম্ভব। অনেকে বাঘ, সিংহ ও বিভিন্ন পাখিও বাসায় রাখেন। কিন্তু বন্যপ্রাণী ঘরে পোষার নিয়ম নেই। বিবিসি অবলম্বনে।