৪০০ রোহিঙ্গাকে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের একটি রাবার বাগানে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে সাগরপথে আসা নারী-শিশুসহ প্রায় ৪০০ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সে দেশের পুলিশ। তাদের আবার মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হবে বলে গতকাল শুক্রবার থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে।স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে ওই রোহিঙ্গারা মিয়ানমার থেকে অবৈধ পথে থাইল্যান্ডে পৌঁছায়। তারা সে দেশের দক্ষিণাঞ্চলের শঙ্খলা প্রদেশের একটি বাগানে অস্থায়ী আস্তানায় ছিল। সেখানে অভিযান চালিয়ে ওই রোহিঙ্গাদের আটক করা হয়। তাদের মধ্যে ৩৭৮ জন পুরুষ, ১১ জন নারী ও ১২ জন শিশু। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা কোনো দেশে যাওয়ার উদ্দেশে প্রায় তিন মাস ধরে ওই রাবার বাগানে অবস্থান করছিল বলে পুলিশ ধারণা করছে।স্থানীয় পুলিশের এক কর্মকর্তা এএফপিকে জানান, উদ্ধার করা রোহিঙ্গাদের অভিবাসী পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের আবার মিয়ানমারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ছাড়া মানব পাচার ও অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ওই রাবার বাগানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।গত বছরের জুন থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশে বৌদ্ধধর্মাবলম্বী রাখাইন ও সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের দাঙ্গায় অন্তত ১৮০ জন নিহত হয়েছে। এ ছাড়া এক লাখ ১০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। তাদের অধিকাংশই রোহিঙ্গা। এএফপি।