৪৩৫ কিলোমিটার গতিতে চলবে গাড়ি
এবার মোটরগাড়ি চলেছে ঘণ্টায় ৪৩৫ কিলোমিটার গতিতে। অবিশ্বাস্য ব্যাপারটি সম্ভব করেছেন যুক্তরাষ্ট্রের একদল প্রকৌশলী। বিশ্বের দ্রুততম এই মোটরগাড়ি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের হেনেসি ভেনম জিটি নামের একটি প্রতিষ্ঠান।
গাড়িটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টারে সর্বোচ্চ গতিতে চলার রেকর্ড করেছে। এত দিন পর্যন্ত রেকর্ডটি (ঘণ্টায় ৪৩১ কিলোমিটার) ছিল বুগাটি ভেরন সুপার স্পোর্ট নামের একটি গাড়ির দখলে। ভেনম জিটি সাত লিটার জ্বালানি ও দুইজন আরোহী নিতে পারে। এ ছাড়া এতে রয়েছে ৯২৭ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একজোড়া টার্বো ইঞ্জিন।
পরীক্ষামূলক চালনায় সর্বোচ্চ গতির রেকর্ড করার সময় ভেনম জিটির চালক ছিলেন ব্রায়ান স্মিথ। তখন গাড়িটি পাঁচ কিলোমিটারের কিছু বেশি দূরত্ব অতিক্রম করে। ব্রায়ান মনে করেন, গাড়িটি ১২ দশমিক ৮ কিলোমিটার পর্যন্ত চালাতে পারলে আরও বেশি গতি তোলা সম্ভব হতো।
তবে বুগাটির রেকর্ড গিনেস বুক অব রেকর্ডসে রয়ে যাবে। কারণ, হেনেসি ভেনম জিটির সর্বোচ্চ গতিসীমা স্বতন্ত্র প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করা হয়নি। পিটিআই।