৪৫ বছর পর রহস্যময়ভাবে পৌঁছাল চিঠি

কানাডার এক নারীর কাছে ৪৫ বছরের পুরোনো একটি চিঠি এসেছে। চিঠিটি ডাকে পাঠিয়েছিলেন তাঁরই ছোট বোন। ঠিকানায় অসংগতি ও নামে হেরফের থাকায় চিঠিটি যথাসময়ে পৌঁছায়নি। এত বছর পর ভিন্ন ঠিকানায় প্রাপকের কাছে চিঠিটি পৌঁছানোর ঘটনাও বেশ রহস্যময়।
গতকাল মঙ্গলবার কানাডার গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়।
আজ বুধবার এএফপির খবরে জানানো হয়, অ্যান টিংগেল নামের ওই নারীর নয় বছর বয়সী ছোট বোন ১৯৬৯ সালে তাঁকে চিঠিটি পাঠিয়েছিলেন। সিবিসি রেডিওকে টিংগেলের বক্তব্যের বরাত দিয়ে খবরে জানানো হয়, চিঠিতে ছয় সেন্ট মূল্যের স্ট্যাম্প লাগানো রয়েছে।
প্লাস্টিকে মোড়ানো ওই চিঠির সঙ্গে কানাডার ডাক বিভাগের ক্ষমাসূচক একটি চিরকুট রয়েছে। তবে চিঠি বিতরণে অবিশ্বাস্য রকম বিলম্বের জন্য ডাক বিভাগ ক্ষমা চায়নি। চিঠির খামের দুরবস্থার জন্য তারা ক্ষমা চেয়েছে।
খামে প্রাপকের স্থলে লেখা জনাব ও জনাবা আর ডি টিংগেল। ঠিকানায় কেবল সড়কের নাম আছে। বাড়ির নম্বর ভুল। ঠিকানায় প্রাপকের শহর বা প্রদেশেরও উল্লেখ নেই। ১৯৬৯ সালে লেথব্রিজ শহর থেকে চিঠিটি পোস্ট করা হয়। এর মধ্যে টিংগেল তাঁর ঠিকানা বদল করেছেন। সম্প্রতি তাঁর নতুন বাসায় চিঠিটি আসে।
টিংগেল জানান, বাসাবদলের তথ্যটি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তিনি। কিন্তু চিঠির রহস্যটি তাঁর অজানা।
চিঠিটি শুরু হয়েছে একটি কবিতা দিয়ে। কবিতাটি তাঁর ছোট বোনেরই লেখা। দ্বিতীয় সন্তান প্রসবের পর সহযোগিতা করতে টিংগেলের বাসায় গিয়েছিলেন তাঁর ছোট বোন। ওই সময় কবিতাটি লেখা হয়।