৪৫ বছরে অর্ধেক হয়ে গেছে সামুদ্রিক প্রাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ঝাঁক ছোট মাছের মধ্যে একটি টুনার বিচরণ l রয়টার্স
এক ঝাঁক ছোট মাছের মধ্যে একটি টুনার বিচরণ l রয়টার্স

গত ৪৫ বছরে সামুদ্রিক মাছ, পাখি ও সরীসৃপজাতীয় প্রাণীর সংখ্যা ৪৯ শতাংশ কমে গেছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) এবং জুওলজিক্যাল সোসাইটি অব লন্ডনের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। মানুষের নিয়ন্ত্রণহীন আচরণ ও জলবায়ু পরিবর্তন এর জন্য দায়ী বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। খবর গার্ডিয়ানের।
মানুষের খাদ্য হিসেবে জনপ্রিয় এমন কিছু প্রজাতির সংখ্যা ধারণার চেয়ে আরও অনেক বেশি হারে কমে গেছে। যেমন সামুদ্রিক মাছ টুনা ও ম্যাকারেলের পরিমাণ কমেছে ৭৪ শতাংশ। এই গবেষণায় গত ৪৫ বছরের ১২০০ প্রজাতির প্রাণীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
ডব্লিউডব্লিউএফ ইন্টারন্যাশনালের প্রধান মার্কো লামবার্তিনি বলেন, পুনরুৎপাদনের ক্ষমতার চেয়ে বেশি হারে শিকারের ফলে মাছের সংখ্যা কমে গেছে। মানুষের আচরণের কারণে মাছের আবাসস্থলও নষ্ট হচ্ছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দামি খাদ্য হিসেবে পরিচিত সামুদ্রিক প্রাণী সি কিউকামবার গ্যালাপাগোস এলাকায় গত কয়েক বছরে কমে গেছে ৯৮ শতাংশ এবং লোহিত সাগরে কমেছে ৯৪ শতাংশ।
গতকাল বুধবার প্রকাশিত ‘লিভিং ব্লু প্ল্যানেট’ নামের ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সামুদ্রিক প্রাণীর উৎকৃষ্ট আবাসস্থল ম্যানগ্রোভ বনাঞ্চল কমে আসার ফলে এ ধরনের বননির্ভর প্রাণীর সংখ্যাও কমে গেছে।
ডব্লিউডব্লিউএফের সামুদ্রিক নীতিবিষয়ক বিভাগের প্রধান লু্ইস হেপস বলেন, ‘এটি একটি মহাবিপর্যয়। আমরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্যের একটি উৎস ধ্বংস করে ফেলছি। এর সঙ্গে ধ্বংস করছি সমুদ্রের পরিবেশও।’
মাত্রাতিরিক্ত সামুদ্রিক সম্পদ আহরণ ছাড়াও প্রাকৃতিক সম্পদ কমে যাওয়ার একটি বড় কারণ ‘দূষণ’। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের পেছনে মূলত দায়ী কার্বন ডাই-অক্সাইড। এটির নিঃসরণে সমুদ্রে অম্লতার পরিমাণ বেড়ে গেছে। এতে করে সামুদ্রিক প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়েছে।
লু্ইস হেপস বলেন, ‘আমাদের ধারণা, ২০৫০ সালের মধ্যে বিশ্বের সব অঞ্চলের প্রবাল প্রাচীর কার্যত হারিয়ে যাবে।’
অতিরিক্ত মৎস্য আহরণ বন্ধ এবং সমুদ্রসম্পদ রক্ষায় জরুরি ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে শঙ্কা ব্যক্ত করা হয় গবেষণায়।