৪৫০০ বছরের প্রাচীন সূর্যমন্দির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে চার হাজার বছরের পুরোনো সূর্যমন্দিরের ধ্বংসাবশেষ
ছবি: সংগৃহীত

মিসরে সাড়ে চার হাজার বছরের পুরোনো একটি সূর্যমন্দির বা উপাসনালয়ের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। কয়েক দশকের মধ্যে এটি মিসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে মনে করছেন তাঁরা। পোলিশ একাডেমি অব সায়েন্সেস ইনস্টিটিউট ফর মেডিটেরেনিয়ান অ্যান্ড ওরিয়েন্টাল কালচারের সহকারী অধ্যাপক ও মিশনের সহপরিচালক ম্যাসিমিলিয়ানো নুজোলো এ তথ্য জানান। এর আগে মিসরে ফারাও শাসকদের আরও দুটি সূর্যমন্দিরের সন্ধান মেলে। এরপর প্রায় ৫০ বছরের মধ্যে এটি সর্বশেষ তৃতীয় মন্দিরের সন্ধান। এটিকে সবচেয়ে বড় আবিষ্কার বলে মনে করছেন প্রত্নতত্ত্ববিদেরা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হয়, সাড়ে চার হাজার বছর আগে মিসরের প্রাচীন শাসকেরা মাত্র ছয়টি সূর্যমন্দির নির্মাণ করেছিলেন। মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে আবু গোরাবের পুরাকীর্তিসমৃদ্ধ একটি এলাকায় সর্বশেষ সূর্যমন্দিরটির সন্ধান পান প্রত্নতত্ত্ববিদেরা। মন্দিরের ভেতর বিশাল উঠানের মতো খালি জায়গা রয়েছে। এ ছাড়া ভেতরে রয়েছে বিশাল লম্বা একটি স্তম্ভ। মিসরে প্রাচীন আমলে নির্মিত পিরামিড ফারাও শাসকদের মর্যাদার বিষয়টি তুলে ধরে। পিরামিডের তুলনায় সূর্যমন্দির ছোট স্থাপনা হলেও এটিকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।