৪৬ নাবিকের অন্ত্যেষ্টিক্রিয়া সরকারিভাবে অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ায় গত মাসে এক বিস্ফোরণে একটি যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় মারা যাওয়া ৪৬ নাবিকের অন্ত্যেষ্টিক্রিয়া গতকাল সরকারিভাবে সম্পন্ন করা হয়েছে। রাজধানী সিউলের দক্ষিণে অবস্থিত পায়েওংতায়েক নগরের একটি নৌঘাঁটিতে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক, তাঁর স্ত্রী, গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী এবং সেনা ও নৌবাহিনীর কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্ত্যেষ্টিক্রিয়ার শুরুর মুহূর্তে রাজধানীতে উচ্চ আওয়াজে শোকের সাইরেন বাজানো হয়। দুর্ঘটনায় প্রয়াত নাবিকদের সারি বেঁধে রাখা ছবির সামনে প্রেসিডেন্ট ও সরকারি কর্মকর্তারা ক্রিসেনথিমাম ফুল রেখে ও মাথা নুইয়ে শ্রদ্ধা জানান। প্রয়াত নাবিকদের নিকটজনেরাও এ সময় তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার জলসীমাসংলগ্ন এলাকায় গত ২৬ মার্চ দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ কভেট চেওনানে হঠাত্ বিস্ফোরণ ঘটে। এতে জাহাজটি দুই টুকরো হয়ে ডুবে যায়। ৫৮ জনকে জীবন্ত উদ্ধার করা গেলেও ৪৬ জন প্রাণ হারান। তাঁদের ৪০ জনের মৃতদেহ পাওয়া গেছে। ছয়জনের লাশ এখনো পাওয়া যায়নি।মৃত নাবিকদের স্বজনেরা অভিযোগ করেছেন, উত্তর কোরিয়ার নৌসেনারা হামলা চালিয়ে জাহাজটি ডুবিয়ে দিয়েছে। তবে পিয়ংইয়ং এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। ডুবে যাওয়া জাহাজের টুকরো দুটিকে তুলে আনা হয়েছে। ১০০ জনের বেশি নৌবিশেষজ্ঞ ভেঙে যাওয়া জাহাজটিতে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছেন। প্রাথমিকভাবে তাঁরা বলেছেন, জাহাজের অভ্যন্তরীণ বিস্ফোরক নয় বরং বাইরে থেকে আসা বিস্ফোরকের আঘাতেই সেটি ভেঙে গেছে। এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাঁরা জানতে পেরেছেন জাহাজটিকে লক্ষ্য করে শক্তিশালী টর্পেডোর আঘাত হানা হয়েছিল।গতকাল অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে এসে নৌপ্রধান অ্যাডমিরাল কিম সাং চ্যান বলেন, যাঁরা এ ঘটনার জন্য দায়ী তাঁদের খুঁজে বের করে অবশ্যই শাস্তি দেওয়া হবে। কর্মকর্তা ও সাধারণ লোক মিলিয়ে প্রায় দুই হাজার ৮০০ লোক শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন।