৪৮ ঘণ্টার ধর্মঘটে গ্রিস প্রায় অচল
সরকারের প্রস্তাবিত নতুন ব্যয় সংকোচননীতির প্রতিবাদে গ্রিসে গতকাল মঙ্গলবার থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে। দেশটির দুটি বড় শ্রমিক সংগঠন গত দুই মাসের মধ্যে তৃতীয় দফায় এই ধর্মঘটের ডাক দিয়েছে।প্রধানমন্ত্রী আন্তোনিস সামারাসের প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের প্রস্তাবটি আজ বুধবার পার্লামেন্টে অনুমোদন করার কথা রয়েছে। সরকার আশা করছে, চলমান অর্থনৈতিক-সংকট কাটিয়ে উঠতে এই সংস্কার বিদেশি সাহায্য পেতে সহায়তা করবে।কিন্তু শ্রমিক ইউনিয়নগুলো বলেছে, সরকারের কৃচ্ছ্রনীতি বাস্তবায়িত হলে দরিদ্র জনগোষ্ঠী ধ্বংস হয়ে যাবে এবং ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির আরও পতন ঘটবে।ধর্মঘটে সারা দেশে পরিবহনব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে স্কুল, ব্যাংক ও স্থানীয় সরকারি অফিসগুলো। হাসপাতালগুলো চলছে জরুরি কর্মীদের দিয়ে। গণপরিবহন, আইনজীবী, বিমান চলাচল কর্তৃপক্ষ, ট্যাক্সিচালক, সাংবাদিক ও হাসপাতালের কর্মীরা ধর্মঘটে অংশ নিয়েছেন। দেশকে দেউলিয়ার হাত থেকে বাঁচাতে গ্রিক সরকার ব্যয় সংকোচনের পথে হাঁটছে। কিন্তু দেশটির এক-চতুর্থাংশ নাগরিক বেকার। বাড়ছে আত্মহত্যার প্রবণতা। সাধারণ মানুষ রাজনীতিবিদদের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ। অবসরগ্রহণকারী কর্মচারী আনায়েস মেটাক্সোপৌলু (৬৫) বলেন, ‘তাঁদের (রাজনীতিবিদ) নরকে যাওয়া উচিত। খাবারের জন্য আমি যখন গির্জায় ছুটে যাই, তখন আমার মনের অবস্থা কী হয় তা তাঁদের জানা উচিত।’ প্রস্তাবিত সংস্কার অনুযায়ী, অবসর ভাতা এক-চতুর্থাংশ করা ও অবকাশকালীন ভাতা বন্ধ করে দেওয়া হবে। গ্রিসের অর্থনৈতিক-সংকট কাটাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৩১ হাজার কোটি ইউরো (চার হাজার কোটি ডলার) ঋণ দিতে প্রস্তুত। কিন্তু গ্রিক সরকার তাদের ব্যয় না কমানো পর্যন্ত এই অর্থ ছাড় দিতে গড়িমসি করছে ইইউ ও আইএমএফ। কয়েক মাস ধরে এভাবে চলছে। এই ঋণের বেশির ভাগ ব্যাংকগুলোকে দেউলিয়ার হাত থেকে বাঁচাতে ব্যয়ের পরিকল্পনা করেছে গ্রিক সরকার। তিনদলীয় জোট সরকারের সবচেয়ে ছোট দল ডেমোক্র্যাটিক লেফট পার্টি নতুন সংস্কার প্রস্তাব অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়েছে। দ্বিতীয় বৃহত্তম শরিক দল সমাজতান্ত্রিক পাসোকের এমপিরাও সংস্কার প্রস্তাবটির পক্ষে-বিপক্ষে ভাগ হয়ে গেছেন। এ অবস্থায় প্রধানমন্ত্রী সামারাস জনগণকে এই বলে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে, ‘বেতন ও অবসর ভাতার ওপর এটাই হচ্ছে সর্বশেষ কাটছাঁট।’ তিনি বলেন, ‘দেশকে আমরা ইউরো থেকে বের না করে দেওয়ার হাত থেকে বাঁচাতে কথা দিয়েছি। আমরা সেই লক্ষ্যে কাজও করছি। আমরা এই মুহূর্তে এটাকেই প্রাধান্য দিচ্ছি। কারণ আমরা জানি, এটা অর্জিত না হওয়া পর্যন্ত সবকিছুই অর্থহীন হয়ে যাবে।’ বিবিসি ও রয়টার্স।