৪৮ ঘণ্টায় ১০ তলা বাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ তলা বাড়িটি তৈরি করতে সময় লেগেছে মাত্র ৪৮ ঘণ্টা। স্টিলের বিম আর পাত দিয়ে তৈরি লাল ও ক্রিম রঙের বাড়িটির নাম ‘ইনস্টাকন’। ভারতে সবচেয়ে কম সময়ের মধ্যে তৈরি এই বাড়ি ঠাঁই পেয়েছে লিমকা বুক অব রেকর্ডসে।গত বৃহস্পতিবার বিকেলে নির্মাণ শুরু হয়ে গত শনিবার একই সময়ে বাড়িটির নির্মাণকাজ শেষ হয়।ভারতের পাঞ্জাব রাজ্যের রাজধানী চণ্ডীগড় থেকে ১০ কিলোমিটার দূরে মোহালির ইন্ডাস্ট্রিয়াল প্লটে ২৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে অভিনব এই বাড়ি নির্মাণ করা হয়। স্থানীয় নির্মাণ সংস্থা ইনস্টাকনের কর্ণধার হরপাল সিং মাত্র ৪৮ ঘণ্টায় বাড়িটি তৈরি করে অসম্ভবকে সম্ভব করেছেন।স্টিলের বাড়ি হলেও ইট, বালু ও সিমেন্টের সামান্য ব্যবহার করা হয়েছে নতুন এই বাড়িতে। তবে এই বাড়ির বিভিন্ন অংশ আগেভাগেই তৈরি করা হয়েছিল রচপাল সিংয়ের কারখানায়। এই দুই দিনে শুধু বাড়িটির বিভিন্ন অংশ নাট-বল্টু দিয়ে জুড়ে দেওয়া হয়।শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা থেকে শুরু করে বাড়িটিতে আধুনিক সব সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। নতুন এই বাড়ি তৈরিতে প্রায় ২০০ টন স্টিল ব্যবহূত হয়েছে। ২৫ জন প্রকৌশলী ও প্রযুক্তিবিদের সমন্বয়ে এই কাজে প্রায় ২০০ জন শ্রমিক অংশ নেন।‘ইনস্টাকন’ নির্মাণের পর স্বীকৃতিও পেয়ে গেছে নির্মাণ সংস্থাটি। নির্মাণের পরপরই লিমকা বুক কর্তৃপক্ষ নির্মাণ সংস্থাটির হাতে তুলে দিয়েছে রেকর্ডের সার্টিফিকেট।