৪৯ দিনের মুখ্যমন্ত্রীকে নিয়ে ১০ তথ্য
ঝড়ের মতো এসে আজ শুক্রবার সন্ধ্যায় ক্ষমতার মসনদ থেকে আকস্মিকভাবে সরে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রামলীলা ময়দানে সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ৪৯ দিনের মাথায় পদত্যাগ করলেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী সাবেক ওই সমাজকর্মীর দল আম আদমি পার্টি (এএপি) বাইরে থেকে দেওয়া ক্ষমতাসীন কংগ্রেস পার্টির সমর্থনে ২৮ ডিসেম্বর সরকার গঠন করে।
এনডিটিভির বরাতে কেজরিওয়াল ও তাঁর দলকে নিয়ে গুরুত্বপূর্ণ ১০টি বিষয় পাঠকদের সামনে তুলে ধরা হলো:
১. সবচেয়ে কম বয়সে (৪৫ বছর) দিল্লির মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। প্রথম নির্বাচনেই নয়াদিল্লিতে তিনবারের মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতকে তাঁর নির্বাচনী এলাকায়ও ২২ হাজার ভোটে হারান এএপি প্রধান।
২. ভারতের খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন কেজরিওয়াল। পরে ১৯৯৫ সালে ভারতের রাজস্ব বিভাগে যোগ দেন তিনি। ২০০১ সালে কর কর্মকর্তার পদ থেকে ইস্তফা দেন তিনি যাতে করে দুর্নীতির বিরুদ্ধে জাতীয় পর্যায়ে প্রচারণা চালানো যায়।
৩. সরকারি চাকরি ছাড়ার পর তথ্য অধিকার আইন বাস্তবায়নে প্রচারণা চালান তিনি। আইনটি ২০০৫ সালে পাস হওয়ার পর ২০০৬ সালে এ কাজে ভূমিকা রাখায় র্যামন ম্যাগসাইসাই পুরষ্কার পান তিনি।
৪. দুর্নীতিবিরোধী লোকপাল বিল পাস করার দাবিতে ২০১১ সাল থেকে গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারের সঙ্গে জোটবদ্ধ আন্দোলনে নামেন কেজরিওয়াল। এ আন্দোলনের ফলে নির্বাচিত জনপ্রতিনিধি ও আমলাদের দুর্নীতির অভিযোগ তদন্তে ন্যায়পাল প্রতিষ্ঠা হয়।
৫. লোকপালের দাবির প্রতি সরকার কর্ণপাত না করায় এবং আন্নার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঘটনা কেজরিওয়ালকে জাতীয় পর্যায়ে রাজনীতিতে নামতে উদ্বুদ্ধ করে। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শপথ নেওয়ার মাত্র কয়েক দিন আগে লোকপাল বিল ভারতের পার্লামেন্টে পাস হয়।
৬. ২০১২ সালের ১৫ নভেম্বর আম আদমি পার্টি গঠন করেন কেজরিওয়াল। সে সময় আন্নাকে অনেকটা পাশ কাটিয়েই এ কাজ করতে হয় তাঁকে। কারণ আন্না চেয়েছিলেন, তাঁদের আন্দোলনকে অরাজনৈতিক রাখতে।
৭. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কৌশল রপ্ত করে ছোট ছোট অনুদান থেকে এএপি প্রায় ২০ কোটি রুপি সংগ্রহ করে। সব অনুদানদাতার নামই আবার ওয়েবসাইটে তালিকাভুক্ত করেছে এএপি।
৮. মুখ্যমন্ত্রী হিসেবে পাওয়া বড় সুবিধা নেননি দুই সন্তানের জনক। তিনি বেশির ভাগ সময়ই তাঁর ছোট নীল গাড়িটিতে চড়েছেন।
৯. ক্ষমতায় আসার কয়েক সপ্তাহ পর জানুয়ারিতে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দিল্লির রাস্তায় নজিরবিহীন ৩৩ ঘণ্টার প্রতিবাদ (ধরনা) করেন কেজরিওয়াল। এ সময় রাস্তায় শুয়ে এক রাত কাটান তিনি।
১০. কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্র গত বছর এএপিকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেন। তিনি কেজরিওয়ালকে ‘কলা প্রজাতন্ত্রের আম জনতা’ আখ্যা দেন।