৫০ দিন সাগরে ভেসেও বেঁচে গেল ওরা
গত ৬ অক্টোবরের ঘটনা। নিউজিল্যান্ডের টোকিলাউ অঞ্চলের একটি দ্বীপ থেকে আরেকটি দ্বীপে যাচ্ছিল তারা। দ্বীপ দুটির মধ্যে ব্যবধান ছিল ৬০ মাইল। ছোট্ট ডিঙি নৌকায় করে এই পথ পাড়ি দিতে গিয়ে হঠাৎ দিক হারিয়ে ফেলে। চলে যায় প্রায় এক হাজার মাইল দূরে গভীর সমুদ্রে।অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান পাওয়া যায়নি। টানা কয়েক দিন বিমান ও জাহাজে করে অনুসন্ধান চালিয়েও লাভ হয়নি। একপর্যায়ে এই তিন কিশোরের বেঁচে থাকার আশাই ছেড়ে দেন তাদের স্বজনেরা। তাঁরা ধারণা করেছিলেন, সমুদ্রে ডুবে মারা গেছে কিশোরেরা। সপ্তাহ দুই আগে তাদের জন্য একটি স্মরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।৫০ দিন পর গতকাল শুক্রবার ওই তিন কিশোরকে উদ্ধার করা হয়েছে। তারা দিব্যি বেঁচে আছে। দ্বীপরাষ্ট্র ফিজির উত্তর-পূর্বে প্রশান্ত মহাসাগরে তাদের সন্ধান পেয়েছে একটি নৌকার চৌকস নাবিক টাই ফ্রেডরিসেন। গত বৃহস্পতিবার তিনি তাদের শনাক্ত করেন। খবর পেয়ে পরে ফিজির একটি টহল জাহাজ গিয়ে তাদের উদ্ধার করে। ভাগ্যবান এই তিন কিশোর হলো এডওয়ার্ড নাসাউ (১৪), ফিলো ফিলো ও স্যামুয়েল পেরেজ। ফিলো ফিলো ও পেরেজ উভয়ের বয়সই ১৫ বছর। বর্তমানে তারা ফিজির রাজধানী সুভার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি টোকিলাউয়ের আটাফু দ্বীপে।টাই ফ্রেডরিসেন জানান, তিন কিশোরের কেউই সমুদ্রে নৌকা চালনার মতো অভিজ্ঞ ছিল না। তাদের ডিঙিতে নারকেল ছাড়া কোনো খাবার ছিল না। পানি পর্যন্ত ছিল না। তিনি বলেন, ‘আমরা তাদের জীবিত ফিরে পেয়েছি, এটা অলৌকিক ঘটনা।’ ফ্রেডরিসেন বলেন, ‘অবিশ্বাস্য হলেও তিন কিশোর সমুদ্রে ভালোই ছিল। এই সময়ে তারা কোনো না কোনোভাবে একটি গাংচিল ধরতে পেরেছিল। কিন্তু কীভাবে এটি ধরেছে, তা আমরা জানি না। তারা এত দিন নারকেল ও গাংচিলের মাংস খেয়েই বেঁচে ছিল।’ তিনি বলেন, তিন কিশোর সমুদ্রের এমন এলাকায় ভেসে ছিল, যেখানে সাধারণত কোনো জাহাজ যায় না। তাদের বেঁচে যাওয়াটা সত্যিই অলৌকিক ঘটনা। ডেইলিমেইল অনলাইন।