৫০০ তামিল নিয়ে জাহাজ কানাডায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার প্রায় ৫০০ তামিল আশ্রয়প্রার্থীকে বহনকারী একটি জাহাজ আটক করেছে কানাডার নৌবাহিনী।বেশ কিছুদিন ধরে কানাডা ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জাহাজটির ওপর নজর রাখছিল। শেষে কানাডার নিরাপত্তা বাহিনীর সদস্য ও কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির কর্মীরা এমভি সান সি নামের জাহাজটিতে উঠে পড়েন।জননিরাপত্তামন্ত্রী ভিক টোয়েস বলেন, এমএমসিএস উইনিপেগ নৌবাহিনীর ফ্রিগেট বেশ কয়েকবার দ্য সান সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। যোগাযোগ স্থাপনের পর জাহাজ থেকে জানানো হয়, সেখানে শরণার্থী আছে। তিনি জানান, থাই পতাকাবাহী ওই জাহাজ থেকে জানানো হয়েছে, সেখানে প্রায় ৪৯০ জন শরণার্থী রয়েছে। কিন্তু তাদের পরিচয় সম্পর্কে কানাডার কর্তৃপক্ষ নিশ্চিত নয়।জননিরাপত্তামন্ত্রী আরও বলেন, জাহাজে কয়েকজন সন্দেহভাজন মানব পাচারকারী ও সন্ত্রাসী রয়েছে বলে তাঁরা ধারণা করছেন।ভিক টোয়েস বলেন, মানব পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে। মানব পাচারকে ‘ঘৃণ্য অপরাধ’ হিসেবেও অভিহিত করেন তিনি।কানাডাসহ অন্য পশ্চিমা দেশগুলো শ্রীলঙ্কার মানবাধিকার রেকর্ডের সমালোচনা করে থাকে। কিন্তু স্বাধীন তামিলরাষ্ট্রের জন্য দীর্ঘদিন লড়ে সম্প্রতি পর্যুদস্ত এলটিটিইকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে থাকে তারা।২০০৯ সালের অক্টোবরে ৭৬ জন তামিল শরণার্থীকে নিয়ে একটি জাহাজ কানাডা উপকূলে পৌঁছায়। ওই সময় শরণার্থীদের আটক করা হয়। কিন্তু তাঁদের কেউ তামিল টাইগারদের সঙ্গে সংশ্লিষ্ট নন—এ বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।কানাডিয়ান তামিল কংগ্রেসের মুখপাত্র মানজুলা সেলভারাজাহ বলেন, তাঁরা আশাবাদী যে কানাডা সরকার আবারও একই ধরনের পদক্ষেপ নেবে। এএফপি।