নতুন এক জরিপ বলছে, ৫১ শতাংশ ভোটার যুক্তরাজ্য থেকে স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে। বিপক্ষে ৪৯ শতাংশ ভোটার। এবারই প্রথম কোনো জরিপে স্বাধীনতার পক্ষে বেশি জনমত পাওয়া গেল। রয়টার্স।
সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত ইউগভ পরিচালিত এ জরিপে অংশগ্রহণকারীরা সবাই গণভোটে অংশ নেবেন বলে ঠিক করেছেন। ২ থেকে ৫ সেপ্টেম্বর এক হাজার ৮৪ জন ভোটারের মধ্যে এ জরিপ চালানো হয়।
১৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোট হবে।
ঐক্যবদ্ধ যুক্তরাজ্যের পক্ষে অবস্থান নেওয়া ‘বেটার টুগেদার’ আগের জরিপগুলোয় এগিয়ে ছিল।
আরেকটি স্বতন্ত্র জরিপে দেখা যায়, যুক্তরাজ্যের পক্ষে থাকা শিবির ৫২ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছে। আর স্বাধীনতার পক্ষে মত দিয়েছেন ৪৮ শতাংশ। এই জরিপে অবশ্য যাঁরা ভোট দেবেন বলে সিদ্ধান্ত নেননি, তাঁদের বাদ দেওয়া হয়েছে।
ইউগভের এ জরিপের পর স্কটল্যান্ডের জন্য একগুচ্ছ লোভনীয় প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন।