৫১তম বিয়ে করতে গিয়ে কারাগারে
বিয়েপাগল মানিক বর্মণের বয়স ৪০ বছর। গত সোমবার ৫১তম বিয়ে করতে গিয়ে ধরা পড়েন গ্রামবাসীর হাতে। উত্তমমধ্যম দিয়ে পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। বিয়ের আসর থেকে এখন তিনি কারাগারে।
মানিকের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচিতে। তিনি পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয়ে বিয়ের জন্য কনে দেখতে ফালাকাটার খগেনহাট গ্রামে যান। সেখানে স্থানীয় এক পুলিশ সদস্য তাঁকে দেখে চিনে ফেলেন। এরপর মেয়ের বাড়ি গিয়ে তাঁর বিষয়ে সব ফাঁস করে দেন। গ্রামের একদল বাসিন্দা মানিককে আটক করে উত্তমমধ্যম দেন। পরে পুলিশের হাতে সোপর্দ করা হয় তাঁকে।
পুলিশ জানায়, মানিক দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
পুলিশ পরিচয়ে চাঁদা তোলার দায়ে ৭২ দিন কারাভোগ শেষে গত শনিবার জামিনে মুক্তি পান তিনি। এরপর নতুন পাত্রীর খোঁজে বেরিয়ে পড়েন। তিনি ইতিমধ্যে ৫০টি বিয়ে করেছেন।