৫২ বছর পর খোঁজ মিলল হারিয়ে যাওয়া নারীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো কখনো বাস্তব কাহিনি হার মানায় কল্পলোকের জগেক। ফ্যাক্ট ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। ওয়াশিংটন আরভিংয়ের রিপ ভ্যান উইঙ্ক্যাল ২০ বছর নিরুদ্দেশ থাকার পর ফিরেছিলেন লোকালয়ে। কিন্তু বাস্তবের লুসি জনসন সব গল্পকেই যেন হার মানিয়ে দিলেন। ব্রিটিশ কলম্বিয়ার সারের এই নারী ফিরে এসেছেন ৫২ বছর নিরুদ্দেশ থাকার পর! দীর্ঘ পাঁচ দশক পর তাঁকে খুঁজে বের করেছেন লুসির মেয়ে। এই ঘটনা বেশ আলোড়ন ফেলে দিয়েছে।

এখন ৭৭ বছর বয়সী এই নারীর হারিয়ে যাওয়ার অভিযোগ রয়্যাল মাউন্টেড পুলিশের (আরসিএমপি) কাছে দাখিল করেছিলেন তাঁর স্বামী মারভিন। সেটিও ১৯৬৫ সালের ঘটনা। পুলিশের তদন্তে দেখা যায় লুসি আসলে নিখোঁজ ১৯৬১ সাল থেকেই। চার বছর পর পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তাঁর স্বামী।

এরপর পুলিশের অধিকতর তদন্তে সন্দেহের তির তাক হয় স্বামীর দিকেই। পুলিশ সন্দেহ করে স্ত্রীকে খুন করে গুম করেছেন মারভিন নিজেই। যদিও যথেষ্ট প্রমাণের অভাবে মারভিনের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারেনি পুলিশ। সেই মারভিনও গত হয়েছেন নব্বইয়ের দশকে।

তাঁদের মেয়ে লিন্ডা এভানস অবশ্য আশা ছাড়েননি। মা নিখোঁজ হওয়ার সময় লিন্ডার বয়স ছিল সাত কি আট বছর। সেই লিন্ডাও এখন বার্ধক্যের দিকে। কিন্তু মাকে ফিরে পাওয়ার আশা তিনি কখনোই ছাড়েননি। অবশেষে তাঁর আশা পূরণ হয়েছে।

রুটিন কাজের অংশ হিসেবে আরসিএমপি আবারও লুসির ছবি প্রকাশ করে সবার কাছে সাহায্যের আবেদন জানায়। ‘মিসিং অব দ্য মান্থ’ সিরিজের অংশ হিসেবে এই ছবি প্রকাশ পাওয়ার পর এবার অপ্রত্যাশিতভাবে সাড়া মেলে। লিন্ডা নিজেও মায়ের ছবি ব্রিটিশ কলম্বিয়ার উত্তরাঞ্চলের ইয়োকনের এই পত্রিকাতেও ছাপানোর সিদ্ধান্ত নেন। কারণ তিনি শুনেছিলেন, তাঁর মা এই এলাকারই মেয়ে ছিলেন।

‘ইয়োকন নিউজ’ নামের সেই পত্রিকায় ছবি ছাপা হওয়ার পর সেখান থেকে এক নারী ফোন করে জানায়, যে মহিলার ছবি প্রকাশ করা হয়েছে, সেটি আসলে তাঁদের মায়ের ছবি। নতুন সেই সংসারে লুসির আরও তিন সন্তানও রয়েছে।

মা কেন কাউকে কিছু না বলে ইয়োকনে ফিরে গিয়েছিলেন, নতুন করে সংসার পাতিয়েছিলেন; এসবের উত্তর এখনো জানা যায়নি। লিন্ডার মতো পুলিশও উত্সাহী এর উত্তর জানতে। লিন্ডা অবশ্য মাকে ফিরে পেয়েই খুশি। ‘আশা করি আমি আবার তাঁর জীবনের অংশ হতে পারব। আমি তাকে গিয়ে জড়িয়ে ধরব, আশা করি তিনিও সব খুলে বলবেন’—সারে লিডার পত্রিকাকে বলেছেন লিন্ডা।

সূত্র: হাফিংটনপোস্ট।