৫৪ জনকে যৌন হয়রানি করেছেন তিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে মনীশ শাহ নামের এক চিকিৎসক শিশুসহ ৫৪ জনকে ১১৮বার নানাভাবে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে। ২০০৪ থেকে ২০১৩ সালের মধ্যে লন্ডনের পূর্বাঞ্চলীয় শহর হ্যাভেরিংয়ের একটি চিকিৎসাকেন্দ্রে তিনি এসব যৌন হয়রানি করেন। এসব অভিযোগে দায়ের করা মামলায় শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিয়েছেন দেশটির একটি আদালত।

বিবিসির খবরে বলা হয়, আগামী ২৭ সেপ্টেম্বর ওই চিকিৎসকের আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে। তাঁর জামিনের শর্তের মধ্যে রয়েছে তিনি অস্ত্রোপচারে অংশ নিতে পারবেন না। ওই চিকিৎসাকেন্দ্রের বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারী, রোগীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। পাশাপাশি তিনি জাতীয় স্বাস্থ্যসেবার (এনএইচএস) চিকিৎসাসংক্রান্ত কোনো নথিপত্র দেখতে পারবেন না। এ ছাড়া চিকিৎসা সেবা দেওয়া থেকেও তাঁকে বিরত থাকতে হবে।

২০১৩ সালের জুলাই ও আগস্টে কয়েক জন ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ দেওয়ার পর ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ডা. মনীশ শাহ একজন পরিবার পরিকল্পনা বিশেষজ্ঞ। তিনি লন্ডনের সেন্ট বার্থোলোমিউ হাসপাতালে প্রশিক্ষণ নেন। ১৯৯৩ সালে তিনি পাশ করেন।