৫৫০টি বিড়াল ও একটি বিচ্ছেদ!
বিড়ালের প্রতি ভালোবাসা একটু বেশিই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিরসেবা শহরের এক নারীর। তাই নিজ বাড়িতে আশ্রয় দিয়েছিলেন ৫৫০টি বিড়ালকে। পরিবারের সদস্যদের মতোই আদর-যত্ন করতেন ওই সব বিড়ালকে। বাড়ির শয়নকক্ষ থেকে শুরু করে সর্বত্রই ছিল বিড়ালগুলোর বিচরণ। তবে বিড়ালের প্রতি তাঁর ওই স্বাভাবিক ভালোবাসা কিন্তু অস্বাভাবিক ঠেকেছে স্বামীর কাছে। স্বামীর অভিযোগ, বাড়িতে বিড়ালের আধিক্যের কারণে শোবার ঘরে ঘুমানো যায় না। বিড়ালগুলো বিছানায় শুয়ে থাকে। খেতে বসলে খাওয়ার টেবিল থেকে খাবার চুরি করে নেয়। এসব বিড়ালের কারণে রান্নাঘর এমনকি প্রসাধনকক্ষে যাওয়াও কঠিন হয়ে পড়েছে।তবে স্বামীর এসব অভিযোগ আমলে না নিয়ে বাড়িতে বিড়াল রাখার পক্ষেই ছিলেন স্ত্রী। এতে দুজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ দ্বন্দ্ব এড়াতে স্বামী-স্ত্রী দুজনই দ্বারস্থ হন আদালতের। আদালত বিষয়টি নিয়ে দুজনকেই সমঝোতা করতে বলেন। তবে এতেও অবস্থার পরিবর্তন হয়নি স্বামী-স্ত্রী কারোরই। স্বামীর দাবি, হয় বিড়াল, না হয় তাঁকে ছাড়তে হবে। আর স্ত্রীর যুক্তি, স্বামী ছাড়লেও বিড়াল ছাড়তে পারবেন না তিনি। এ ঘটনার অমোঘ পরিণতিতে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটান বাড়িতে বিড়াল না রাখার পক্ষে থাকা সেই পুরুষ। টাইমস অব ইন্ডিয়া।