৫৮ বছরেও চালু ফ্রিজ!
ব্রিটেনের অবসরপ্রাপ্ত পিয়ানো শিক্ষক ডরিস স্টগডেল জেনারেল ইলেকট্রিকের তৈরি একটি ফ্রিজ কেনেন ১৯৫২ সালে। এরপর থেকে ফ্রিজটি কোনো ধরনের সমস্যা ছাড়াই টানা ৫৮ বছর ধরে সেবা দিচ্ছে। ডরিসের বয়স এখন ৮৯। অক্সফোর্ডে বাস করেন তিনি। বর্তমান ১৩৫ পাউন্ড মূল্যমানের (প্রায় ১৫ হাজার টাকা) অর্থ দিয়ে ফ্রিজটি কিনেছিলেন তিনি। এরপর কোনো সময়ই এর সমস্যা দেখা দেয়নি। এর কোনো যন্ত্রাংশও পরিবর্তন করার প্রয়োজন হয়নি। ১৯৫২ সালে তৎকালীন ব্রিটিশ উপনিবেশ মালয়েশিয়ায় বাস করার সময় ডরিসের পরিবার এই ফ্রিজটি কেনে। ডরিস ১৯৫৯ সালে তাঁর তিন সন্তান ডেভিড, ভ্যালেরি ও অ্যানিকে নিয়ে ব্রিটেনে ফিরে আসেন। তাঁদের বর্তমান বয়স যথাক্রমে ৫৯, ৫৫, ৫২ বছর। ডরিস বলেন, ‘দীর্ঘ সময় ধরে ফ্রিজটি আমাদের সেবা দিয়ে যাচ্ছে। এর ভেতরে ডিম রাখা বা বরফ তৈরি করার পৃথক কোনো তাক নেই, নেই উজ্জ্বল আলো কিন্তু সব সময় আমাদের জন্য কাজ করে যাচ্ছে।’ডরিসের মেয়ে ভ্যালেরি ফ্রিজ তৈরির প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিকের কাছে চিঠি লিখে বিষয়টি জানিয়েছেন। সম্প্রতি ব্রিটেনে সবচেয়ে পুরোনো ফ্রিজের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৫৬ বছর ধরে চালু আছে, এমন একটি ফ্রিজ বিজয়ী হয়। ভ্যালেরি বলেন, ‘আমাদের ফ্রিজের বয়স ৫৮ বছর, যা আমার চেয়েও বেশি। আমি শৈশব থেকে দেখছি। এটি এখনো ভালো অবস্থায় রয়েছে।’ অরেঞ্জ অনলাইন।