৬ আগস্ট বেনজির হত্যা মামলায় অভিযুক্ত হবেন মোশারফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফকে আগামী ৬ আগস্ট অভিযুক্ত করা হবে। রাওয়ালপিন্ডির এক সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। পারভেজ মোশাররফকে কড়া নিরাপত্তার মধ্যে গতকাল মঙ্গলবার শুনানিতে হাজির করা হয়। তাঁকে মামলার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্রের অনুলিপি দেওয়া হয়। সন্ত্রাসবিরোধী আদালত মোশাররফকে পরবর্তী শুনানির দিন আদালতে হাজির করার নির্দেশ দেন। এ সময় বিচারক বলেন, তাঁকে ৬ আগস্ট অভিযুক্ত করা হবে। সেদিন পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে বোমা ও বন্দুক হামলায় নিহত হন বেনজির ভুট্টো। ওই শহরে নির্বাচনী প্রচার চালাতে গিয়েছিলেন তিনি। সে সময় পারভেজ মোশাররফ পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন।