৬০ বছর পর ফেরা
‘জাঙ্ক’ নামে পরিচিত কাঠের তৈরি চীনের পালতোলা নৌকা একটা সময় দাপিয়ে বেড়াত সাগর-মহাসাগর। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আর নিত্যনতুন প্রযুক্তির দাপটে সমতল পাটাতনের এসব নৌকা পৃথিবী থেকে হারিয়ে গেছে। তবে এসব নৌকার একটি এখনো টিকে আছে। এর নাম ‘দ্য ফ্রি চায়না’। চীনের পালতোলা নৌকা সংরক্ষণ প্রকল্প বলেছে, তাদের ধারণা এটি সবচেয়ে পুরোনো চীনা পালতোলা নৌকা।দীর্ঘ ৬০ বছর পর যুক্তরাষ্ট্র থেকে ‘দ্য ফ্রি চায়না’ আবার নিজ ভূমি তাইওয়ানে ফিরে এসেছে। গতকাল বৃহস্পতিবার তাইওয়ানের উত্তরাঞ্চলীয় সমুদ্রবন্দর কেলুংয়ে নোঙর করেছে শতাব্দীর প্রাচীন এই নৌকাটি।যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে একটি কার্গো জাহাজে করে নিয়ে আসা হয়েছে ফ্রি চায়নাকে। কিন্তু দেশে ফিরে এলেও সমুদ্রে আর পাল তুলবে না ফ্রি চায়না। মেরামতের পর এর ঠাঁই হবে একটি সমুদ্র জাদুঘরে।১৯৫৫ সালে ছয়জন নাবিকসহ ফ্রি চায়না এই কেলুং বন্দর থেকে নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিতে প্রশান্ত মহাসাগর পাড়ি দেয়। একটানা ১১২ দিন সমুদ্রপথ অতিক্রমের পর এটি সানফ্রান্সিসকোয় পৌঁছায়। এরপর বহু লোকের কাছে নৌকাটির মালিকানা বদল হয়। একটা সময় ‘অপ্রয়োজনীয়’ হিসেবে একটি জাহাজ নির্মাণ কারখানায় পড়ে ছিল নৌকাটি। শেষ পর্যন্ত তাইওয়ান সরকার নৌকাটি আবার নিজ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়।১৯৫৫ সালে যে ছয়জন নাবিক ফ্রি চায়নাকে সানফ্রান্সিসকো বন্দরে নিয়ে যান, তাঁদের একজন কেলভিন মেহলার্ট বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে নৌকাটি নিরাপদেই ফিরে এসেছে। তাইওয়ানের জনগণ এখন নিজেদের এই মূল্যবান সম্পদটি সঠিকভাবে সংরক্ষণের ব্যবস্থা নেবে।’ এএফপি।