৬০ বছরে মাধ্যমিক পাস
৬০ বছর বয়সে মাধ্যমিক স্তর শেষ করেছেন সিফো ম্যাবিউস। দক্ষিণ আফ্রিকার তারকা এই সংগীতশিল্পীকে অভিনন্দন জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট জ্যাকব জুমা।১৯৬০ সালে স্কুলের পাট চুকিয়েছিলেন। কিন্তু কী মনে হলো, সম্প্রতি আবার বাড়ির কাছে একটি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিলেন, সাফল্যের সঙ্গে পাসও করেছেন ম্যাবিউস।জোহানেসবার্গের সোয়েটো নগরের এই শিল্পী বলেন, ‘আমার সফল সংগীতজীবনে পূর্ণতা আনতেই আমার মাধ্যমিক পাস করাটা দরকার ছিল। ৪৫টি বছর ক্লাসের বাইরে থাকা ছেলেখেলা নয়।’ মাধ্যমিক পাস শেষে এখন নৃবিজ্ঞানের ওপর উচ্চতর শিক্ষা নেওয়ার পরিকল্পনা করছেন এ গুণী শিল্পী। ম্যাবিউসের ম্যানেজার মার্টিন মায়ার্সের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, ‘বিশ্ববিদ্যালয়গুলো তাঁর (ম্যাবিউস) ফলাফলে অভিভূত। বিশ্ববিদ্যালয়গুলো এখন তাঁকে তাদের প্রতিষ্ঠানে ভর্তি করাতে চাইছে।’ প্রেসিডেন্ট জুমা ম্যাবিউসের সফলতায় উচ্ছ্বসিত। অভূতপূর্ব মাইলফলক স্পর্শের জন্য ম্যাবিউসের প্রশংসা করে তিনি বলেছেন, ‘আপনি আমাদের প্রেরণা। আপনি প্রমাণ করেছেন, শিক্ষার কোনো বয়স নেই।’দক্ষিণ আফ্রিকার অন্যতম জনপ্রিয় শিল্পী ম্যাবিউস। তবে তাঁর ক্যারিয়ার শুরু একজন ড্রামার হিসেবে, ১৯৭০-এর দশকে। তাঁর দলের নাম বিটার্স। বিবিসি।