ভারতের মুম্বাইয়ে ভবনধসের ঘটনায় উদ্ধারকাজ গতকাল রোববার সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে গতকাল সকালে আরও আটজনের লাশ উদ্ধার করার মধ্য দিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৬১-তে উঠেছে।
উদ্ধারকর্মীরা ৩৩ জনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করতে পেরেছেন। এর মধ্যে অনেকে গুরুতর আহত হয়েছেন। ছয় ঘণ্টা ব্যাপক চেষ্টার পর শনিবার ৫০ বছর বয়স্ক এক ব্যক্তিকে সর্বশেষ জীবিত উদ্ধার করা হয়। দুর্যোগ মোকাবিলা বাহিনীর স্থানীয় কমান্ডার অলোক আওয়াস্থি বলেন, ভবনটির সব বাসিন্দার হিসাব পাওয়া যাওয়ায় অভিযান শেষ করা হয়েছে।
গত শুক্রবার নগরের মাজগাঁও এলাকায় অবস্থিত ভবনটি ধসে পড়ে। এর কারণ এখনো জানা যায়নি। বৃহত্তর মুম্বাই পৌর করপোরেশনে কাজ করা ২০ জন কর্মীর পরিবার সেখানে বাস করত।
মুম্বাইয়ে শুধু গত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পাঁচটি ভবন ধসের ঘটনায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়। অনেক ক্ষেত্রেই নিম্নমানের কাজের জন্য ধসের ঘটনা ঘটেছে। মুম্বাইয়ে জমির দাম ও ভাড়া খুব বেশি হওয়ায় বহু মানুষ জরাজীর্ণ ভবনে বাস করতে বাধ্য হন। বিবিসি ও এনডিটিভি।