৬২ ব্যক্তির সম্পদ বিশ্বের অর্ধেক মানুষের সম্পদের সমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ৬২ জনের সম্পদ হচ্ছে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের সম্পদের সমান। অর্থাৎ ৬২ জনের মোট সম্পদ = ৩৬০ কোটি মানুষের সম্পদ। বিশ্বের মোট জনসংখ্যা এখন ৭০০ কোটির ওপরে।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম সম্পদবৈষম্যের এই তথ্য দিয়ে বলছে, ভবিষ্যৎ প্রজন্ম এবং সবার সাফল্যের জন্য কাজ করবে এমন এক অর্থনীতির বদলে এই বিশ্বে আমরা ১ শতাংশের জন্য কাজ করা এক অর্থনীতি গড়ে তুলেছি। আর এ বিষয়ে গতকাল সোমবার প্রকাশিত অক্সফামের রিপোর্টটির নাম ‘অ্যান ইকোনমি ফর দ্য ১%’।
সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় রিপোর্টটি প্রকাশ করা হয়। দাভোস ফোরামে মূলত বিশ্বের ধনীদেরই আগমন বেশি ঘটে। সভায় আয়বৈষম্য নিয়েও একটি অধিবেশন রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট সুইসের বিশ্ব সম্পদ প্রতিবেদনের ভিত্তিতেই অক্সফাম এটি তৈরি করেছে।
অক্সফাম আগে বলেছিল, বিশ্বের ১ শতাংশ ধনীর সম্পদ দরিদ্র ৫০ শতাংশের সম্পদের সমান হবে ২০১৬ সালে। কিন্তু তা এক বছর আগেই হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ৯৯ শতাংশ মানুষের যে সম্পদ রয়েছে, তার চেয়ে বেশি সম্পদ আছে শীর্ষ ১ শতাংশ ধনীর হাতে।

>*২০০০ সালের পর থেকে বিশ্বে যে সম্পদ বেড়েছে তার ১% পেয়েছে বিশ্বের অর্ধেক মানুষ
*একই সময়ে শীর্ষ ১% ধনীর সম্পদ বৃদ্ধির পরিমাণ ৫০%
*দরিদ্র ১০% মানুষের বার্ষিক আয় বৃদ্ধি পেয়েছে গড়ে ৩ ডলার

অক্সফাম ক্রমবর্ধমান এই বৈষম্য কমাতে জরুরি পদক্ষেপের সুপারিশ করেছে। তারা বলছে, ধনীদের হাতে সম্পদ গেলে অর্থনীতিতে যে ‘ট্রিকল ডাউন ইফেক্ট’ বা চুইয়ে পড়ার তত্ত্ব রয়েছে, তা এখানে কাজ করছে না। বরং ওপরের দিকে সম্পদ আরও বেশি যাচ্ছে, যা বিপজ্জনক।
অক্সফাম বলেছে, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে দরিদ্র ৫০ শতাংশের সম্পদ কমেছে ৪১ শতাংশ। যদিও এ সময়ের মধ্যে জনসংখ্যা বেড়েছে ৪০ কোটি। আবার একই সময়ে ৬২ জন সম্পদশালীর সম্পদ বেড়েছে ৫০ হাজার কোটি ডলার। প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে শীর্ষ ৩৮৮ জন ধনীর ছিল বিশ্বের দরিদ্র ৫০ শতাংশের সমান সম্পদ। ২০১৪তে তা নেমে এসেছিল ৮০ জনে। আর এখন ৬২ জনের হাতে আছে সেই সম্পদ।
প্রতিবেদন অনুযায়ী, এখন বিশ্বের সর্বত্রই শ্রম থেকে অর্জন, তার তুলনায় পুঁজি থেকে আয় অনেক বেশি হচ্ছে। তার ওপর ধনীদের জন্য রয়েছে অনেক ধরনের কর ছাড়। মূল্য সংযোজন কর দরিদ্রদের ওপরই আরোপ বেশি হচ্ছে। আর ধনীরা তাদের অর্থ জমা রাখছে বিশ্বের ‘ট্যাক্স হ্যাভেন’ হিসেবে পরিচিত দেশগুলোতে, যেখানে বিনা প্রশ্নে অর্থ রাখা যায়। ২০০১ সালে ওই কর স্বর্গে যত বিনিয়োগ ছিল, ২০১৪ সালে তা চার গুণ বেড়েছে। অক্সফাম মনে করে, উচ্চ মজুরি, কর ফাঁকির বিরুদ্ধে ব্যবস্থা এবং উচ্চ বিনিয়োগই পারে সম্পদবৈষম্য কমাতে।