৬৫ শতাংশ পাকিস্তানি গিলানির পদত্যাগ চান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের ৬৫ শতাংশ মানুষ আদালত অবমাননার দায়ে অভিযুক্ত প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির পদত্যাগ চান। জিয়ো নিউজ চ্যানেলের পরিচালিত একটি জরিপের ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে।জিয়ো নিউজ জানায়, জরিপে অংশ নেওয়া মানুষ গিলানির বিরুদ্ধে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে ৩৬ শতাংশ লোক রায়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ৩২ শতাংশ লোক হতাশা প্রকাশ করেন। তবে ৩১ শতাংশ লোক কোনো মন্তব্য করেননি। জরিপে অংশ নেওয়া প্রায় ৫০ শতাংশ লোক সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পক্ষে কথা বলেন। তবে ৩৮ শতাংশ লোক সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করেন। জরিপে দুই হাজার ৫০০ নারী ও পুরুষ অংশ নেন। তবে কখন ও কোথায় এই জরিপ চালানো হয়, সে বিষয়ে কিছু বলা হয়নি। পিটিআই।