৭ জুলাইয়ের মধ্যে ঐকমত্যের সরকার গঠন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের প্রেসিডেন্ট রামবরণ যাদব জাতীয় ঐকমত্যের সরকার গঠনের জন্য দেশটির রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। গত বুধবার প্রধানমন্ত্রী মাধব কুমার নেপালের পদত্যাগের পর তিনি এই আহ্বান জানালেন। এদিকে গণপরিষদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ঐকমত্যের সরকারের নেতৃত্ব দাবি করেছে সাবেক গেরিলা নেতা পুষ্প কমল দহল প্রচণ্ডের মাওবাদী দল।প্রেসিডেন্ট রামবরণের মুখপাত্র রাজেন্দ্র দহল জানান, প্রেসিডেন্ট ৭ জুলাইয়ের মধ্যে ঐকমত্যের সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। দলগুলো এই সময়ের মধ্যে ঐকমত্যের সরকার গঠনে ব্যর্থ হলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠনের আহ্বান জানাবেন তিনি।এদিকে জাতীয় ঐকমত্যের সরকারের নেতৃত্ব দাবি করে প্রচণ্ডের দল বলেছে, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকারের নেতৃত্ব তাদেরই পাওয়া উচিত। দলের মুখপাত্র দীননাথ শর্মা বলেন, ‘আমরা জাতীয় ঐকমত্যের সরকার গঠনের চেষ্টা শুরু করেছি। আমরাই এর নেতৃত্বে থাকব।’ এই সরকারে দলের ভাইস চেয়ারম্যান বাবুরাম ভট্টরাইয়ের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। ভট্টরাই বলেন, ‘জাতীয় ঐকমত্যের সরকারই পারে শান্তি-প্রক্রিয়া সম্পন্ন করতে। দেশের স্বার্থে সব দলকে সমঝোতায় আসতে হবে। কারণ, আমরা সবাই নেপালের শান্তি ও সমৃদ্ধি চাই।’গণপরিষদের দ্বিতীয় বৃহত্তম দল নেপালি কংগ্রেস (এনসি) মাওবাদী নেতৃত্বাধীন ঐকমত্যের সরকারে যোগ না দেওয়ার ইঙ্গিত দিয়েছে। দলটির সংসদীয় দলের নেতা রামচন্দ্র পৌদেল বলেছেন, তাঁর দল নতুন সরকারের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবে।রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে ঐকমত্যের সরকার গঠিত না হলে দেশটিতে রাজনৈতিক বিপর্যয় দেখা দেবে। দেশটির পাক্ষিক সাময়িকী হিমাল খবরপত্রিকার সম্পাদক কিরণ নেপাল বলেন, দলগুলো নির্ধারিত সময়ের মধ্যে ঐকমত্যের সরকার গঠনে ব্যর্থ হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সরকারের সব নীতি ও পরিকল্পনায় এর প্রভাব পড়বে। বুধবার জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণের পর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাধব কুমার। তবে প্রেসিডেন্ট রামবরণের আহ্বানে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।১০ বছর সশস্ত্র সংগ্রামের পর ২০০৬ সালে ক্ষমতাসীন দলগুলোর সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করে মাওবাদীরা। ২০০৮ সালের ১০ এপ্রিল নেপালে সংবিধান রচনা করতে দুই বছর মেয়াদের জন্য গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু দুই বছরেও সংবিধান প্রণয়ন করতে ব্যর্থ হয় গণপরিষদ। মেয়াদ শেষ হওয়ার আগে গত মে মাসের শেষদিকে গণপরিষদের মেয়াদ এক বছর বাড়ানো হয়।দেশটির ৬০১ আসনের গণপরিষদে মাওবাদীদের ২২৯, নেপালি কংগ্রেসের ১১৫ ও কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউএমএল) ১০৮টি আসন রয়েছে। এএফপি, রয়টার্স।