ভারতের আসন্ন ১৬তম লোকসভা নির্বাচনে দেশের অন্তত ৭৩টি আসনে মুসলিম ভোট নির্ণায়ক শক্তি হিসেবে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
ভারতের লোকসভায় আসন রয়েছে ৫৪৩টি। এর মধ্যে ৩৫টি আসনে সংখ্যালঘু ভোট ৩০-৩৫ শতাংশ। এই ৩৫টি আসনের মধ্যে জন্মু ও কাশ্মীরে পাঁচ, আসাম চার, উত্তর প্রদেশ আট, বিহার তিন, পশ্চিমবঙ্গ নয়, কেরালা চার, অন্ধ্র প্রদেশ এক এবং লাক্ষা দ্বীপে রয়েছে একটি আসন। এ ছাড়া ৩৮টি আসন রয়েছে, যেখানে সংখ্যালঘু মুসলিম ভোট ২১ থেকে ৩০ শতাংশ। এই মোট ৭৩টি আসনে ফলাফল নির্ধারণ করে দিতে পারে মুসলিমদের ভোট।
এ ছাড়া লোকসভার ১৪৫টি আসনে ১১ থেকে ২০ শতাংশ এবং ১৮৩টি আসনে ৫ থেকে ১০ শতাংশ সংখ্যালঘু ভোট। বাকি ১৪২টি আসনে সংখ্যালঘু ভোট ৫ শতাংশের নিচে।
বর্তমান ১৫তম লোকসভার মেয়াদ শেষ হবে ৩১ মে। আগামী মে-এপ্রিলে অনুষ্ঠিত হবে লোকসভার পরবর্তী নির্বাচন। ভারতে সংখ্যালঘু মুসলিমদের বেশির ভাগ ভোট সাধারণত পড়ে কংগ্রেসের পক্ষে। কিন্তু এবার দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং প্রতিষ্ঠানবিরোধী হাওয়ার ঝাপটা লেগেছে সংখ্যালঘু ভোট বাক্সেও। বিশেষ করে কংগ্রেসও বিভিন্ন ঘটনায় সংখ্যালঘুদের আস্থা অনেকটাই হারিয়ে ফেলেছে।
অন্যদিকে গোটা দেশব্যাপী চলছে মোদি হাওয়া। বিজেপি নেতৃত্বও দেশব্যাপী তাঁদের পক্ষে হাওয়ার দিকটা আঁচ করতে পেরে এবার সংখ্যালঘু মুসলিম ভোট পাওয়ার লক্ষ্যে মাঠে আদাজল খেয়ে নেমেছে। ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় সভাপতি রাজনাথ সিং গুজরাট ঘটনার জন্য মুসলিম সম্প্রদায়ের কাছে দুঃখ প্রকাশ করে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন।