৭৫ শতাংশ ইয়েমেনির জরুরি সহায়তা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ বলছে, ইয়েমেনে বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। খাদের কিনারে পৌঁছে গেছে গৃহযুদ্ধকবলিত দেশটি। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন ব্যাপক মানবিক সাহায্য এবং ত্রাণ তৎপরতা। এই সহায়তা জোগাড়ের প্রচেষ্টায় জেনেভায় গতকাল মঙ্গলবার বসেছে এক আন্তর্জাতিক সম্মেলন।
দুই বছর আগে যখন ইয়েমেনের সরকারের সঙ্গে শিয়া হুতি বিদ্রোহীদের লড়াই শুরু হয়, তখনই মধ্যপ্রাচ্যের সবচেয়ে গরিব দেশ ছিল ইয়েমেন। এই দুই বছরের গৃহযুদ্ধে পরিস্থিতি আরও শোচনীয় হয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, দুর্ভিক্ষের কিনারে পৌঁছে গেছে ইয়েমেন। দেশটির আড়াই কোটি জনসংখ্যার মধ্যে ১ কোটি ৯০ লাখ লোকেরই তাৎক্ষণিকভাবে জরুরি সাহায্য প্রয়োজন। প্রায় ৭০ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তাদের তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তা প্রয়োজন। ২০ লাখ শিশু মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে।
আন্তর্জাতিক দাতব্য সংগঠন রেডক্রসের মধ্যপ্রাচ্য কার্যক্রমের পরিচালক রবার্ট মারদিনি বলেন, ‘ইয়েমেনের পরিস্থিতি মানবিক বিপর্যয় থেকে কোনো অংশে কম নয়। সেখানে সবার মুখে একটিই কথা, বেঁচে থাকাটাই দুঃসহ হয়ে পড়েছে।’
জাতিসংঘ এর আগেও বহুবার ইয়েমেনে সম্ভাব্য দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে। পরিস্থিতির উন্নয়নে ২০০ কোটি ডলারের বেশি অর্থ সাহায্য চেয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। কিন্তু তা প্রয়োজনের মাত্র ১৫ শতাংশ।
সাহায্য সংস্থাগুলো বলছে, জেনেভায় হাজির হওয়া বিভিন্ন দেশের মন্ত্রীদের এখনই সাহায্যের প্রতিশ্রুতি দিতে হবে। সেভ দ্য চিলড্রেনের ক্যারোলিন অ্যানিং বলেন, ‘ইয়েমেনের সংঘাত সবাই ভুলে গেছে। ইরাক এবং সিরিয়া নিয়ে মাতামাতির কারণে সবাই ইয়েমেনকে ভুলে গেছে। সেখানে কেবল দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে তাই নয়, যুদ্ধ বন্ধ করতে কূটনৈতিক উদ্যোগও নেওয়া হচ্ছে না।’
ক্যারোলিন অ্যানিং আশা প্রকাশ করে বলেন, জেনেভা সম্মেলন হয়তো আবার ইয়েমেন পরিস্থিতিকে সবার দৃষ্টিগোচর করবে।
সম্মেলনে সরকারগুলো অর্থ সাহায্যের প্রতিশ্রুতি না দিলে সাহায্য সংস্থাগুলোর ওপর চাপ এবং দায়িত্ব বেড়ে যাবে। সে ক্ষেত্রে সেভ দ্য চিলড্রেন চাইবে শিক্ষা খাতে ভূমিকা রাখতে। কেননা, ইয়েমেনের ২০ লাখ শিশু শিক্ষাবঞ্চিত। রেডক্রস চাইবে স্বাস্থ্য খাতে ভূমিকা রাখতে।
ইয়েমেনে ২০১৫ সালের মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে সাড়ে সাত হাজারের বেশি লোক নিহত হয়েছে। আহত ৪২ হাজারের বেশি। সৌদি জোটের বিমান হামলাই বেশির ভাগ হতাহতের জন্য দায়ী। শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনের সরকারকে সাহায্য করছে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন আঞ্চলিক জোট। বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে ২০১৫ সালে রাজধানী সানা দখল করে শিয়া হুতি বিদ্রোহীরা। শুরু হয় গৃহযুদ্ধ।