৭৮ বছর পর যমজ বোনের দেখা

‘লিজি, লিজি, কত সুন্দর তুমি!’
যমজ বোনকে জড়িয়ে ধরে আবেগে কথাগুলো বলছিলেন অ্যান। অ্যান যতটা আবেগাপ্লুত, ততটাই আবেগে ভাসছেন এলিজাবেথও। তিনি বলেন, ‘এত দিন পর তোমায় কাছাকাছি পেয়ে কী যে ভালো লাগছে!’
দুই বোন পৃথিবীতে এসেছিলেন একসঙ্গে। কিন্তু ৭৮ বছর ধরে আলাদা থেকেছেন তাঁরা। জীবনের শেষ প্রান্তে এসে দেখা পেলেন একে অন্যের। আর তাই একে অন্যকে জড়িয়ে ধরেছেন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, অরেগনের আলবেনি শহরে গত বৃহস্পতিবার দুই বোনের দেখা। ১৯৩৬ সালে ইংল্যান্ডের অ্যালডারসট শহরে জন্ম হয় দুজনের। মা অ্যালিস আলেকজান্দ্রা ছিলেন অবিবাহিত। তিনি ছিলেন একজন গৃহকর্মী। তাই একসঙ্গে যমজ দুই সন্তানকে লালন পালন করা কঠিন ছিল মা অ্যালিসের জন্য। বাবা পিটার্স অ্যালডারসটে সেনাঘাঁটির একজন সেনা ছিলেন। তবে কখনো সন্তানদের খোঁজ নেননি। বাধ্য হয়ে অ্যালিস দুই যমজ মেয়ের একজন অ্যানকে আরেকজনের কাছে দত্তক দিয়ে দেন।
একই শহরে হেক্টর উইলসন ও তাঁর স্ত্রী গ্ল্যাডির কাছে বড় হতে থাকেন অ্যান। এলিজাবেথ বড় হতে থাকেন তাঁর মা অ্যালিসের কাছে। এক শহরে বড় হলেও দুই বোনের কেউ কাউকে কখনো দেখেননি। ১৪ বছর বয়সে অ্যান জানতে পারেন গ্ল্যাডি ও হেক্টর তাঁর নিজের মা-বাবা নন। প্রথমে দুঃখ পেলেও পরে তাঁদের আপন করে নেন তিনি। তখনো তিনি জানেননি শহরের এক প্রান্তে রয়েছেন তাঁরই যমজ বোন এলিজাবেথ।
এপ্রিল মাসে অ্যালডারসট থেকেই এলিজাবেথের হাতে একটি চিঠি আসে। চিঠি পড়ে চোখ কপালে ওঠে এলিজাবেথের। চিঠিটি লিখেছিলেন অ্যান।
অ্যানকে দেখার পর এলিজাবেথ বলেন, ‘আমি অনেক বছর ধরে তোমার জন্য প্রার্থনা করেছি। অনেক বছর ধরে তোমায় খুঁজেছি। কখনো ভাবিনি তোমায় পাব।’ এলিজাবেথ বলেন, ‘যখন অ্যানকে নেওয়া হয়েছিল, ভেবেছিলাম সে পৃথিবীর কোথাও না কোথাও রয়েছে। কিন্তু এভাবে যে তার সঙ্গে দেখা হবে, তা ভাবিনি।’
দুই বোনকে মিলিয়ে দিয়েছেন চিকিৎসক ন্যান্সি সিগাল। তিনি দুই দশক ধরে যমজের ওপর গবেষণা চালিয়ে আসছেন। পরস্পরের থেকে আলাদা থাকা যমজ ভাই বা বোনদের আচরণের ওপর গবেষণা করছেন ন্যান্সি সিগাল। এভাবেই তিনি পেয়ে যান এলিজাবেথ ও অ্যানের খোঁজ। মিলিয়ে দেন দুই বোনকে।