৮২ বছরে এভারেস্টে শেরচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশীতিপর একজন ব্যক্তি সাধারণত নির্ঝঞ্ঝাট জীবনই বেছে নেন। তবে নেপালের নাগরিক মিন বাহাদুর শেরচানের ক্ষেত্রে বয়স কোনো বিষয় নয়। ৭৬ বছর বয়সে একবার সবচেয়ে বেশি বয়সী মানুষ হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ওঠার রেকর্ড গড়েন। ৮২ বছর বয়সে এখন আবার তিনি নামছেন নিজের সেই রেকর্ড ভাঙতে। তবে এবার শেরচানের এভারেস্টে আরোহণের পরিপ্রেক্ষিতটা একটু ভিন্ন। কারণ, তাঁর প্রতিন্দ্বন্দ্বী জাপানের ইয়ুচিরো মিয়ুরা ৮০ বছর বয়সে আবার উঠছেন এভারেস্টে। প্রতিদ্বন্দ্বীর এভারেস্টের উদ্দেশে যাত্রা শুরুর পর ৮২ বছর বয়সে আর বসে থাকতে পারছেন না শেরচান। নিজের রেকর্ড নিজের কাছেই রাখতে চান। তাই গত শুক্রবার এভারেস্টের উদ্দেশে যাত্রা করেছেন তিনি। অবশ্য শেরচানের আগেই মিয়ুরা আট হাজার ৮৪৮ মিটার উঁচু এভারেস্টের উদ্দেশে রওনা হয়েছেন। এর আগে ৭৫ বছর বয়সে ২০০৮ সালে এবং ৭০ বছর বয়সে ২০০৩ সালে এভারেস্টে ওঠেন মিয়ুরা।শুক্রবার এভারেস্টে যাত্রা শুরুর আগে শেরচান সাংবাদিকদের বলেন, ‘আমি গত বছর এভারেস্টে যেতে চেয়েছিলাম। তবে আমি কোনো সহযোগিতা পাইনি। সরকারের কাছেও সহযোগিতা চেয়েছিলাম।’ তবে রেকর্ড ধরে রাখার জন্য ৮২ বছর বয়সে এভারেস্টে উঠছেন বলে যে কথা উঠেছে, তা নাকচ করে দেন শেরচান। তিনি বলেন, ‘আমি কেন নতুন করে রেকর্ড করতে যাব। আমি তো ইতিমধ্যে একটি রেকর্ড করেছি। আমি এমনিতেই ৮০ বছর বয়সে এভারেস্টে উঠতে চেয়েছিলাম।’এর আগে গত বছর সবচেয়ে বয়স্ক নারী হিসেবে ৭৩ বছর বয়সে জাপানের তামাই ওয়াতানাবে এভারেস্টে আরোহণ করেছিলেন। শেরচানের অভিযানের আয়োজক প্রতিষ্ঠান হিমালয়ান গাইডের কর্মকর্তা ভিম পাওদেল বলেন, ‘আমাদের মধ্যে যেসব বয়স্ক মানুষ রয়েছেন, তাঁদের শক্তি-সামর্থ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাই এ অভিযানের লক্ষ্য।’ তিনি আরও বলেন, এ অভিযান নিয়ে বাহাদুর খুবই রোমাঞ্চিত। টিএনএন ও এএফপি।