৮৪-র দাঙ্গার বিশেষ তদন্ত চান কেজরিওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ১৯৮৪ সালে শিখদের বিরুদ্ধে সংঘটিত দাঙ্গার বিশেষ তদন্ত দাবি করেছেন। ওই দাঙ্গার পরই ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর শিখ দেহরক্ষীর হাতে খুন হয়েছিলেন।
এনডিটিভির খবরে বলা হয়, আজ বুধবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জংয়ের সঙ্গে দাঙ্গার ঘটনার তদন্ত বিষয়ে কথা বলেন কেজরিওয়াল। তিনি বলেন, নাজিব এ ব্যাপারে খুবই ইতিবাচক। বিশেষ তদন্ত দল গঠন ও এর সময়সীমার ব্যাপারে মন্ত্রিসভার আগামী বৈঠকে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
এদিকে বিশেষ তদন্ত কমিটি গঠন করলে কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির (এএপি) সঙ্গে কংগ্রেসের দূরত্ব আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কংগ্রেস এএপিকে বাইরে থেকে সমর্থন দিচ্ছে।
১৯৮৪ সালের দাঙ্গার ঘটনায় বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন এএপির নির্বাচনী ইশতেহারের অন্যতম। তবে ওই দাঙ্গা নিয়ে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর বক্তব্যের দুদিন পর বিশেষ তদন্ত দলের কথা বললেন কেজরিওয়াল।
দুদিন আগে দেওয়া বক্তব্যে রাহুল গান্ধী বলেছিলেন, ১৯৮৪ সালে দিল্লির দাঙ্গা নিরসনে কংগ্রেসের ভূমিকা আর ২০০২ সালে গুজরাটের দাঙ্গা নিরসনে নরেন্দ্র মোদির ভূমিকা এক ছিল না। তিনি বলেন, কংগ্রেস সরকার দিল্লিতে দাঙ্গা নিরসনের চেষ্টা করেছিল। আর মোদি গুজরাটের দাঙ্গায় মদদ দিয়েছেন।