৮৬ গ্রহে অ্যালিয়েনের খোঁজে বিজ্ঞানীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর মতো বৈশিষ্ট্য রয়েছে এমন ৮৬টি গ্রহে অ্যালিয়েনের (ভিনগ্রহের প্রাণী) খোঁজে অভিযান শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় বসানো উচ্চক্ষমতার বিশাল রেডিও টেলিস্কোপের মাধ্যমে ওই সব গ্রহে প্রাণীর অস্তিত্ব সম্পর্কে খোঁজ করা হচ্ছে। মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা গত শুক্রবার এ কথা জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কেপলার মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে শনাক্ত করা এক হাজার ২৩৫টি গ্রহের তালিকা থেকে ৮৬টি গ্রহ নির্বাচন করা হয়েছে। দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এই গ্রহগুলোর প্রতিটির ২৪ ঘণ্টার তথ্য সংগ্রহ করা হচ্ছে। চলতি সপ্তাহেই এ কাজ শুরু হয়েছে।ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের স্নাতক পর্বের শিক্ষার্থী অ্যান্ড্রু সিমন বলেন, এটা সুনিশ্চিত নয় যে এই গ্রহগুলোর সব কটিতে প্রাণের অস্তিত্ব থাকার মতো ব্যবস্থা আছে। তবে প্রাণের অস্তিত্ব খুঁজে দেখার জন্য সেগুলো ভালো জায়গা।আশির দশকের মাঝামাঝি শুরু হয়েছিল সার্চ ফর এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স বা এসইটিআই প্রকল্প। ৮৬টি গ্রহে প্রাণীর অস্তিত্ব খুঁজে দেখার এ মিশন ওই প্রকল্পেরই অংশ। অ্যালেন টেলিস্কোপ অ্যারেই (এপিএ) নামে পরিচিত ৪২টি টেলিস্কোপ ডিশ ব্যবহার করা হয় ওই প্রকল্পে।এটিএর টেলিস্কোপ ডিশগুলো অচল থাকায় জ্যোতির্বিজ্ঞানীরা আশা করছেন, উচ্চক্ষমতার গ্রিন ব্যাংক টেলিস্কোপের মাধ্যমে তাঁরা বিভিন্ন গ্রহে প্রাণীর অস্তিত্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবেন।অ্যান্ড্রু সিমন জানান, তাঁরা যে রেডিও টেলিস্কোপ ব্যবহার করছেন, তা উচ্চক্ষমতাসম্পন্ন। এই টেলিস্কোপের মাধ্যমে প্রতি সেকেন্ডে এক গিগাবাইট তথ্য পাওয়া যাবে। এএফপি।