৮৮ আফগান বন্দীকে ছাড়তে মার্কিন আপত্তি
আফগানিস্তানের বাগরাম কারাগারে আটক ৮৮ জন আফগান বন্দীকে ছেড়ে দেওয়ার বিষয়টি আটকে দিতে চাইছে যুক্তরাষ্ট্র। এর কারণ হিসেবে বলা হচ্ছে, নিরাপত্তার জন্য তাঁরা গুরুতর হুমকি। মার্কিন কর্মকর্তারা গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ওই কারাগারের নিয়ন্ত্রণ আফগান কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেয়। আফগান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার অন্যতম কারণ হয়ে উঠেছিল এই কারাগার। এর পরই যুক্তরাষ্ট্র কারাগারটির নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। আফগানিস্তান থেকে বহুজাতিক বাহিনী প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা ২০১৪ সালে শেষ হওয়ার পরও দেশটিতে প্রায় আট হাজার মার্কিন সেনা মোতায়েন রাখার অনুমতি-সংক্রান্ত একটি নিরাপত্তা চুক্তি সই করতে প্রেসিডেন্ট হামিদ কারজাই সম্প্রতি অস্বীকৃতি জানানোর পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
একজন মার্কিন সেনা কর্মকর্তা বলেন, ওই ৮৮ জনকে ছেড়ে দেওয়া হলে কারাগারটির বন্দীদের ব্যাপারে তদন্তকাজ শেষ করা ও তাঁদের বিচারের মুখোমুখি করা নিয়ে প্রেসিডেন্টের একটি অধ্যাদেশের লঙ্ঘন হবে।
আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল ডেভ লাপান জানান, আফগান পর্যালোচনা বোর্ড তার ক্ষমতা (ম্যান্ডেট) ছাড়িয়ে গেছে এবং বেশ কিছু বিপজ্জনক বন্দীকে ছেড়ে দেওয়ার আদেশ দিয়েছে। এই বন্দীরা নিরাপত্তার জন্য প্রকৃতই হুমকি। এঁদের বিচার বা আরও তদন্তের মুখোমুখি করা দরকার। ওই সব বন্দীকে আফগান সরকার ছেড়ে দিতে পারে—এই আশঙ্কায় কারাগারটির নিয়ন্ত্রণ তুলে দিতে দীর্ঘদিন গড়িমসি করেছিল যুক্তরাষ্ট্র।
একজন মার্কিন কর্মকর্তা দাবি করেন, বাগরাম কারাগারের প্রায় ৪০ শতাংশ বন্দী ৫৭ জন আফগান বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যের হতাহতের সঙ্গে সরাসরি জড়িত। আর ৩০ শতাংশ বন্দী হামলা চালিয়ে ৬০ জন মার্কিন ও বহুজাতিক সেনাকে হতাহতের সঙ্গে সরাসরি জড়িত। তবে ঘটনাগুলো পর্যালোচনায় নিযুক্ত আফগান কমিশনের প্রধান যুক্তরাষ্ট্রের ভাষ্য নাকচ করেন। রয়টার্স।