৮৮ বছরে পা দিলেন বাজপেয়ি
ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি গতকাল মঙ্গলবার ৮৮ বছরে পা দিয়েছেন। এদিন প্রধানমন্ত্রী মনমোহন সিং বাজপেয়ির বাসভবনে গিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ও শুভেচ্ছা হিসেবে বাজপেয়িকে ফুল পাঠিয়েছেন। বিজেপির প্রধান নীতিন গড়কারি, দলের জ্যেষ্ঠ নেতা এল কে আদভানি ও সুষমা স্বরাজ, ডেপুটি স্পিকার করিয়া মুন্ডাও শুভেচ্ছা জানাতে বাজপেয়ির বাসভবনে গিয়েছিলেন। বিজেপির মুখপাত্র রবি শংকর প্রসাদ বলেন, ‘বাজপেয়ি আমাদের সঙ্গে হাসিমুখে কথা বলেছেন।’ বাজপেয়ি ১৯২৪ সালের ২৫ ডিসেম্বর ভারতের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন। প্রাথমিক জীবনে তিনি কবিতা লেখালেখি ও সাংবাদিকতা করেন। পরে তিনি বরেণ্য রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ছয় বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯৮ সালে তাঁর শাসনামলেই সফল পারমাণবিক পরীক্ষা চালায় ভারত। পিটিআই।