৯০ বছর বয়সেও ১৫০০ কিলোমিটার

ইচ্ছাশক্তি ও মনোবলের ওপর ভর করে মানুষ অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে। এ ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়। এই কথাটিই আবারও যেন সঠিক প্রমাণ করলেন যুক্তরাষ্ট্রের ৯০ বছরের বার্ট ব্লেভেনস।
দুর্দান্ত মনোবলের অধিকারী ব্লেভেনস এই বার্ধক্যে সাইকেলে চড়ে এক হাজার ৪৯৭ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। এই ম্যারাথনে তিনি যুক্তরাষ্ট্রের কেনটাকি থেকে ফ্লোরিডা যান। গত ২০ আগস্ট তিনি এ সাইকেলযাত্রা শুরু করেন। সাহসী ভ্রমণকালে তিনি বিভিন্ন হোটেল ও রাস্তার পাশে কিছু সময় বিশ্রাম নেন।
নিউইয়র্ক ডেইলি নিউজ-এর খবরে বলা হয়, ব্লেভেনস ওই দেড় হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেন ২১ দিন। এই সময়ে তিনি টেনেসি ও জর্জিয়া হয়ে ফ্লোরিডার অধিকাংশ স্থান পাড়ি দেন। মহাসড়কে তাঁর হেলানো সাইকেলটি চালানোর অনুমতি না থাকায় তাঁকে অনেক পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়।
সারাসোটা হেরাল্ড-ট্রিবিউনকে ব্লেভেনস বলেন, ‘আমি সাইকেল ভ্রমণ বেশ উপভোগ করেছি। আমি আয়েশেই সময় কাটিয়েছি এবং তৃপ্তি অনুভব করেছি। যে রকম ভেবেছিলাম, সে রকম ক্লান্ত হইনি। তবে কিছুটা বিশ্রাম নিতে হয়েছে।’
যাত্রাপথের প্রথম অর্ধেকটায় ব্লেভেনসকে সঙ্গ দেন তাঁর ছেলে। পরের অর্ধেক পথে সঙ্গে ছিলেন তাঁর মেয়ে বেথ। বেথ বলেন, ভ্রমণকালে কখনো কখনো তাঁদের মনে হয়েছে, তাঁরা ওই পথ পাড়ি দিতে পারবেন না। তবে শেষ পর্যন্ত সফলভাবেই তাঁদের সাইকেলযাত্রা শেষ হয়। পিটিআই।