৯৩ লাখ মানুষের জন্য বাইরের সহায়তা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় যুদ্ধপীড়িত প্রায় ৯৩ লাখ মানুষ বর্তমানে সাহায্যের আওতার বাইরে রয়েছে। তারা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান ভ্যালোরি আমোস গত সোমবার এ তথ্য জানিয়ে সতর্ক করে দিয়েছেন।
সাহায্যের আওতাবহির্ভূত মানুষের সংখ্যা গত সেপ্টেম্বরেই এখনকার চেয়ে ২৫ লাখ কম ছিল। আমোস জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেন, সিরিয়ার পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। সেখানে মানবিক সহায়তাকর্মীদের অবাধে কাজ করতে পারা নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদকে দেশটির সরকার ও বিরোধীদের চাপ দিতে হবে।
যুদ্ধের কারণে বাড়িছাড়া হয়ে সিরিয়ার অভ্যন্তরেই অবস্থান করছে প্রায় ৬৫ লাখ মানুষ। তাদের জরুরি সহায়তা প্রয়োজন। দেশটিতে মানবিক সহায়তা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে বলে নিরাপত্তা পরিষদ গত মাসেই সতর্ক করে দিয়েছিল। জাতিসংঘ আরও জানিয়েছে, সিরিয়ায় সহায়তার অভাব রয়েছে—এ রকম মানুষের সংখ্যা ৬৮ লাখ থেকে সেপ্টেম্বরে ৩০ শতাংশ বেড়েছে। দেশটির মোট জনসংখ্যা দুই কোটি ৩০ লাখ। এর মধ্যে ২৫ লাখেরও বেশি মানুষ বিচ্ছিন্ন বা অবরুদ্ধ এলাকায় বসবাস করছে। তাদের অনেকেই পর্যাপ্ত খাবার, বিদ্যুৎ বা চিকিৎসাসেবা পাচ্ছে না।
সাহায্য সংস্থাগুলোর অভিযোগ, সিরিয়া সরকার দেশটির বিভিন্ন স্থানে মানবিক সহায়তা সরবরাহে বাধা দিচ্ছে। বিদেশি সহায়তাকর্মীদের দেশটিতে প্রবেশের ভিসা বা চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে না।
এদিকে সিরিয়া সরকার দেশব্যাপী শিশুদের জন্য পোলিওসহ একাধিক রোগের টিকাদান কর্মসূচি ঘোষণা করেছে। বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোকেও ওই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশটিতে সম্প্রতি গত ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো পোলিও রোগের উপস্থিতি শনাক্ত হওয়ার পর সরকার ওই কর্মসূচি হাতে নিল। বিবিসি ও এএফপি।