৯৯ শতাংশকে গিলছে ১ শতাংশ
বিশ্বজুড়ে অসাম্য বেড়েই চলেছে। বিশ্বের ১ শতাংশ ধনীর সম্পদের পরিমাণ বাকি ৯৯ শতাংশের সমান। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বের প্রভাবশালী আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের বার্ষিক সম্মেলনকে সামনে রেখে গবেষণাটি প্রকাশ করেছে অক্সফাম।
গবেষণার জন্য অক্সফাম সুইজারল্যান্ডভিত্তিক ক্রেডিট সুইসের অক্টোবর মাসের উপাত্ত ব্যবহার করেছে।
দাভোসে জড়ো হতে যাওয়া নেতাদের বৈষম্যের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অক্সফাম।
অক্সফামের পূর্বাভাসে বলা হয়েছে, গত বছর ১ শতাংশ ধনীর সম্পদের দিক দিয়ে বাকি বিশ্বকে ছাড়িয়ে যাওয়ার কথা।
দাতব্য সংস্থাটি হিসাব করে দেখেছে, মাত্র ৬২ জন শীর্ষস্থানীয় ধনীর সম্পদের পরিমাণ বিশ্বের অর্ধেক দরিদ্রতম জনগোষ্ঠীর সমান, অর্থাৎ প্রায় ৩৬০ কোটি মানুষের সম্পদের সমান।