‘অকুপাই ওয়াল স্ট্রিট’ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ বা ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনকে তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে। বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের অধীনে এই আন্দোলন সম্পর্কে পাঠদান করা হবে।‘অকুপাই দ্য ফিল্ড’ শিরোনামে বিষয়টি শিক্ষার্থীদের পড়াবেন ওয়াল স্ট্রিট দখল করার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী অধ্যাপক হানা অ্যাপেল। এ জন্য তিনি ও শিক্ষার্থীরা আন্দোলনকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক এবং মাঠপর্যায়ে তাঁদের সঙ্গে কাজ করবেন।নিউইয়র্ক পোস্ট পত্রিকার কাছে অধ্যাপক হানা অ্যাপেল বলেছেন, আন্দোলনে নিজের সক্রিয়তা থাকায় সামাজিক এ আন্দোলন বিষয়ে আরও সমৃদ্ধ পাঠদান সম্ভব হবে।অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে গত সেপ্টেম্বরে ওয়াল স্ট্রিট দখল করো আন্দোলন শুরু হয়। নিউইয়র্কের জুকুটি পার্কে শুরু হওয়া এ আন্দোলনের ভাবধারা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। দল ও নেতাবিহীন এ আন্দোলনকে অধুনা উদারনৈতিক সামাজিক আন্দোলন হিসেবে দেখা হচ্ছে।