'অতিরিক্ত দাবি' মেনে নেবে না ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান গত শুক্রবার জানিয়ে দিয়েছে, ছয় বিশ্ব শক্তির ‘অতিরিক্তি দাবি’ তারা কোনো অবস্থাতেই মেনে নেবে না৷ ইরানের পরমাণু কর্মসূচি কাটছাঁট করার বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সর্বশেষ আলোচনার পর তেহরান এ কথা জানাল৷ খবর রয়টার্সের৷
মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি উইন্ডি শারমেন বলেন, ইরান কোন পথে এগোবে, তা তাদেরই ঠিক করতে হবে৷ তিনি বলেন, ‘ইরানের পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ তা বিশ্বকে বোঝাতে ইরান কতটা আন্তরিক, তা এখনো অপরিষ্কার৷’
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের সর্বশেষ দফার পাঁচ দিনের আলোচনা শেষ হয়েছে গত শুক্রবার৷ আবার তা শুরু হবে আগামী ২ জুলাই৷ আর মাস খানেকের মধ্যে এ নিয়ে একটি সমঝোতায় পেঁৗছার জন্য ইরানের ওপর চাপ রয়েছে৷ অন্যথায় দেশটির ওপর আবারও অবরোধ আরোপ করতে পারে পশ্চিমারা৷
ইরানের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া ছয় প্রভাবশালী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি৷ এতে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উইন্ডি শারমেন৷ তিনি বলেন, ইরান সব সময় দাবি করে এসেছে, শান্তিপূর্ণ ব্যবহারের জন্য তারা পরমাণু কর্মসূচি বাস্তবায়ন করছে৷ ঘটনা যিদ সত্যিই তাই হয়, তাহলে এ বিষয়ে একটি ভালো সমঝোতা হতেই পারে৷
অন্তর্বর্তী চুক্তি অনুযায়ী, আগামী ২০ জুলাইয়ের মধ্যে ইরানকে একটি চূড়ান্ত সমঝোতায় আসতে হবে৷ তবে এই সময়সীমা আরও ছয় মাস বাড়ানোর সম্ভাবনা রয়েছে৷ যদিও যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিকভাবে বিষয়টি স্বস্তির নয়৷ কারণ, তা করতে হলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে প্রতিনিধি পরিষদের সম্মতি চাইতে হবে৷
ছয় বিশ্ব শক্তির কূটনীতিকেরা চলতি সপ্তাহের প্রথম দিকে জানান, কোনো রকম চুক্তি হলে সেই চুক্তি অনুযায়ী ইরানকে কতটি সেন্ট্রিফিউজ সচল রাখার সুযোগ দেওয়া হবে, সেটাই এখন আলোচনার প্রধান দর-কষাকষির বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ পশ্চিমারা চাইছে এই সংখ্যা হাজারের নিচে নির্ধারণ করতে৷ কেননা, এই সংখ্যক সেন্ট্রিফিউসে ইউরেনিয়াম সমৃদ্ধ করে শিগগিরই পরমাণু বোমা বানানো ইরানের জন্য কঠিন হবে৷ কিন্তু ইরান চাইছে, সংখ্যাটি হাজার হাজার নির্ধারণ করতে৷
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে৷ তবে প্রধান অন্তরায়গুলো এখনো রয়ে গেছে৷ বিশ্ব শক্তিগুলোকে অতিরিক্ত দাবি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বেশি দাবি মানা ইরানের পক্ষে সম্ভব হবে না৷