'অন্য পক্ষ থেকে' সমস্যা না থাকলে ছিটমহল বিনিময়ে রাজি মমতা
বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ে সম্মতি দেওয়ার কথা বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত সোমবার শিলিগুড়িতে এক বৈঠকে মমতা বলেন, ‘অন্য পক্ষ থেকে’ সমস্যা না থাকলে দুই দেশের ছিটমহল বিনিময়ে পশ্চিমবঙ্গ সরকার রাজি৷ খবর হিন্দুস্তান টাইমস-এর৷
পত্রিকাটির খবরে এই ‘অন্য পক্ষ’ বলতে মমতা কাদের বুঝিয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি৷ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নতুন সরকার ইতিমধ্যে বিনা শর্তে বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ে সম্মতির কথা জানিয়েছে বলেও পত্রিকাটির খবরে উল্লেখ করা হয়৷
বৈঠক শেষে ছিটমহল বিনিময় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি৷’ তিনি আরও বলেন, এক হাজার ৪০০ কোটি রুপি ব্যয়ে শিলিগুড়ির সঙ্গে বাংলাদেশ, নেপাল ও ভুটানের একটি সংযোগ সড়কও নির্মাণ করা হবে৷
২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় ছিটমহল বিনিময়ের পথ সুগম করতে দুই দেশের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তির আলোকে নতুন করে প্রটোকল স্বাক্ষরিত হয়৷
কিন্তু স্থলসীমান্ত চুক্তি ও এর আওতায় স্বাক্ষরিত প্রটোকল বাস্তবায়নে ভারতের সংবিধান সংশোধনের বিল ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় উত্থাপনের উদ্যোগ নেওয়া হলেও মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, আসাম গণপরিষদ (এজিপি) ও বিজেপির বিরোধিতায় তা আটকে যায়৷
আমাদের কলকাতা প্রতিনিধি জানান, বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ছিটমহল বিনিময় নিয়ে শিলিগুড়িতে যে মন্তব্য করেছেন, তাতে আমরা খুশি৷ এবার হয়তো আমাদের দাবি পূরণ হবে৷ ছিটমহলবাসী ফিরে পাবে মৌলিক অধিকার৷’
কোচবিহারের দিনহাটার কোয়াতুর কুঠি ছিটমহলের বাসিন্দা সাহেব আলী ও রাকিবুল মিয়া মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যকে স্বাগত জানিয়ে গতকাল প্রথম আলোকে বলেন, তাঁরা চান অবিলম্বে ছিটমহল বিনিময় হোক৷ এ নিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন৷ এবার হয়তো সেই আন্দোলনের ফসল তুলতে পারবেন৷
উল্লেখ্য, বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে৷ ১৭ হাজার ১৫৮ একর জায়গা নিয়ে এসব ছিটমহলে বর্তমানে ৩৭ হাজার ৩৬৯ জনের বসবাস৷ অন্যদিকে, ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি ছিটমহল রয়েছে ৫১টি, যার সব কটিই পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়৷ সাত হাজার ১১০ একর জায়গাজুড়ে ছিটমহলগুলোয় বাসিন্দা রয়েছে ১৪ হাজার ২১৫ জন৷
আন্তনদী সংযোগ প্রকল্প: এদিকে সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, ভারতের বিতর্কিত আন্তনদী সংযোগ প্রকল্প ক্ষমতাসীন মোদির সরকারের সময় নতুন করে গতি পাবে৷ তবে প্রকল্পটি বাস্তবায়নে দেশটির কেন্দ্রীয় সরকার সতর্কভাবে এগোতে চায়৷
আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতি গভীর ক্ষতির সম্মুখীন হবে বলে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছেন পরিবেশবাদীরা৷