‘অন্যায় ধামাচাপা দেওয়া উচিত নয়’
উইকিলিকসের প্রতিষ্ঠাতা আলোচিত অস্ট্রেলিয়ান সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জ গত ৩০ নভেম্বর টাইম সাময়িকীর ব্যবস্থাপনা সম্পাদক রিচার্ড স্টেনজেলকে গোপন স্থান থেকে ‘স্কাইপের’ মাধ্যমে সাক্ষাৎকার দেন। তার চুম্বক অংশ তুলে ধরা হলো: রিচার্ড: আপনাদের সর্বশেষ দফা ফাঁস করা নথিগুলোর প্রভাব এ পর্যন্ত কী এবং তা আগামী দিনে কী প্রভাব ফেলবে বলে মনে করেন?অ্যাসাঞ্জ: গণমাধ্যমের প্রবল আগ্রহ ও বিভিন্ন দেশের সরকারের অপ্রত্যাশিত ধরনের জোরালো প্রতিক্রিয়া দেখেছি আমরা। এতটাই প্রবল আগ্রহ ও প্রতিক্রিয়া যে, তা যেন আমাদের উপলব্ধির ক্ষমতাকে ছাড়িয়ে গেছে। বাইরে থেকে যা দেখছি, তাতে আমি মনে করি, এসব নথি ফাঁসের ফলে নতুন নতুন গল্প উঠে আসবে। দেখা যাচ্ছে, ইরান পরমাণু বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে। এটা কাকতালীয় হতে পারে আবার উইকিলিকসের জন্যও হতে পারে। রিচার্ড: আপনি কি মনে করেন, আন্তর্জাতিক বা কূটনৈতিক এমন কোনো বিষয় রয়েছে, যা গোপন রাখা উচিত ও জরুরি? অ্যাসাঞ্জ: অবশ্যই। যেমন আমরা সূত্রের নাম গোপন করি। অনেক ক্ষেত্রেই গোপনীয়তা গুরুত্বপূর্ণ। কিন্তু গোপনীয়তার দোহাই দিয়ে অন্যায়-অবিচার ধামাচাপা দেওয়া উচিত নয়। আমি মনে করি, প্রশ্নটা এটা হওয়া উচিত নয়—সবাই যেমনটা ভাবছে যে, কিছু গোপন করা উচিত কি না। প্রশ্ন হওয়া উচিত কোন বিষয় গোপন থাকবে এবং কোন বিষয়টি প্রকাশ করা হবে, তা স্থির করার দায়িত্বটি কার হবে।রিচার্ড: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, নথি ফাঁসের ফলে অনেকের জীবন ঝুঁকির মুখে পড়েছে। মার্কিন বিচার বিভাগ দৃশ্যত আপনাকে বিচারের মুখোমুখি করার চেষ্টা করছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কী? অ্যাসাঞ্জ: যতবারই কোনো বড় সামরিক বা গোয়েন্দা সংস্থার কথাবার্তা ফাঁস করা হয়েছে, ততবারই জীবন বিপন্ন হওয়ার এসব অর্থহীন যুক্তি তোলা হয়। এটা নতুন বা শুধু একান্তই মার্কিন সংস্কৃতি নয়। আমাদের কাজের জন্য কাউকে অন্যায়ভাবে কারাবরণ বা শারীরিক বিপদের সম্মুখীন হতে হয়নি। আমরা যাদের কথা ফাঁস করছি, তাদের সঙ্গে তুলনায় এটা একটা রেকর্ড। কারণ ওই সব সংগঠন আক্ষরিকভাবেই শত শত, হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী। রিচার্ড: গুঞ্জন রয়েছে সরকারকে বিব্রত করার দায়ে হিলারি ক্লিনটন এ ঘটনার নিরীহ শিকারে পরিণত হতে পারেন। আপনি কি চান হিলারি ক্লিনটন পদত্যাগ করুন বা তাঁকে বরখাস্ত করা হোক?অ্যাসাঞ্জ: আমার ধারণা...আমার মনে হয়, তাঁর পরিণতি যা-ই হোক, এতে বিশেষ কিছু তফাত হবে না। তবে যদি প্রমাণিত হয় হিলারি ক্লিনটন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন দূতদের জাতিসংঘে গুপ্তচরবৃত্তির জন্য নির্দেশ দিয়েছিলেন, তাহলে তাঁর পদত্যাগ করা উচিত।