‘অপপ্রচারের দাঁতভাঙা জবাব’ দেওয়ার আহ্বান সোনিয়ার
ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে দলীয় নেতাদের চাঙা হওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেছেন, বিরোধী দলগুলো যেকোনো মূল্যে ক্ষমতা দখলের জন্য সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালাচ্ছে। এর দাঁতভাঙা জবাব দিতে হবে।গতকাল শুক্রবার হরিয়ানা রাজ্যের সুরাজকুন্দে কংগ্রেসের বৈঠকে সোনিয়া গান্ধী এসব কথা বলেছেন। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীসহ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী বৈঠকে মন্ত্রিসভার সদস্য, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। বৈঠকে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) চেয়ারপারসন সোনিয়া বলেন, ‘আমরা অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছি। তবে গত আট বছরে আমাদের অনেক চমকপ্রদ প্রাপ্তির রেকর্ড আছে এবং সাধারণ মানুষের স্বার্থের প্রতি আমাদের যে অঙ্গীকার রয়েছে, তার জন্য আমরা গর্বিত। আর এই অঙ্গীকারই আমাদের ধর্ম।’কংগ্রেস সভানেত্রী বলেন, ‘কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার কিছু নতুন কর্মসূচি ও আইন প্রণয়নের মাধ্যমে ভারতের ভাবমূর্তি বদলে দিয়েছে। তবে বিরোধীরা এটা সহ্য করতে না পেরে আমাদের রাজনৈতিক, আদর্শিক ও নীতিগত বিষয় নিয়ে অপপ্রচার চালাচ্ছে।’ তিনি বলেন, ‘আমাদের এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দিতে হবে। আমরা জানি, তাদের আসল মতলব ক্ষমতা দখল করা। আর তাদের এই লালসা গণতন্ত্র, সমতা, সার্বভৌমত্ব ও সেক্যুলার মূল্যবোধকে দুর্বল করে দিতে পারে।’মনমোহনের নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করে কংগ্রেস সভানেত্রী বলেন, এই সরকার গত কয়েক বছরে বৈশ্বিক মন্দা কাটিয়ে উঠতে দেশকে ভীষণ সহায়তা করেছে। ওই মন্দার সময়ে ভারতের চেয়ে উন্নত দেশগুলোও সংকটের মধ্যে ছিল। দ্য হিন্দু।