‘অপয়া’ ১৩ প্রণবের জন্য সৌভাগ্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ সংখ্যাটি ‘অপয়া’ বলে পরিচিত হলেও ভারতের নতুন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্য সংখ্যাটি ইতিবাচক। দেশের ১৩তম রাষ্ট্রপতি তিনি।প্রণবের বাসভবনের নম্বরও ১৩। বড় আকারের সরকারি বাড়ি বরাদ্দ পাওয়া সত্ত্বেও তিনি নয়াদিল্লির তালকাতোরা রোডের ১৩ নম্বরের তুলনামূলক সাদামাটা বাড়িটিতে বসবাস করছেন বহু বছর ধরে। তবে এবার বোধ হয় তাঁকে বাড়িটি ছাড়তে রাজি হতেই হবে। কারণ রাষ্ট্রপতি ভবন এখন তাঁর অপেক্ষায় রয়েছে। ১৩ সংখ্যাটির ব্যাপারে প্রশ্ন করা হলে প্রণব গত ১৬ জুন বলেন, হিন্দু শাস্ত্র অনুযায়ী, ১৩ সংখ্যাটি আসলে সৌভাগ্যের প্রতীক। এটি ত্রয়োদশীর দিনকে নির্দেশ করে। এই দিনে কোনো কাজ করলে ফল হয় ইতিবাচক। ১৩ তালকাতোরা রোডের বাড়িতে ওঠার আগে তাঁকে অনেকেই সতর্ক করেছিলেন। কিন্তু ওই বাড়িতে প্রবেশের পর কর্মক্ষেত্রে তাঁর কেবল উত্থানই হয়েছে। তবে পার্লামেন্ট সদস্যের ওই বাড়িটি না ছাড়ার কারণ তাঁর স্ত্রী শুভ্রা। বাড়ি বদলের ঝামেলায় যেতে তিনি একদমই রাজি নন।বাসভবন ছাড়াও পার্লামেন্ট ভবনে প্রণবের কক্ষের নম্বরও ১৩। তিনি বিয়ে করেছিলেন ১৯৫৭ সালের ১৩ জুলাই। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ইউপিএ জোট থেকে তাঁকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল গত ১৩ জুন। এনডিটিভি।