'অভিনেতা হোন আর মন্ত্রী হোন লাইনে দাঁড়ান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধ্রপ্রদেশের একটি ভোটকেন্দ্রে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন ভোটাররা। হঠাৎ একজন লাইন ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সারিতে দাঁড়িয়ে থাকা ভোটাররা তাঁকে বাধা দেন। তিনি হলেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া কংগ্রেসের প্রার্থী চিরঞ্জীবী।

হায়দরাবাদের খাইরাতাবাদে বিধানসভার আসনের একটি কেন্দ্রে স্ত্রী ও সন্তানদের নিয়ে ভোট দিতে যান চিরঞ্জীবী। তিনি আগেভাগে ভোট দিতে লাইন ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে প্রথমে রাজা কার্তিক নামে এক ভোটার তাঁকে বাধা দেন।

কার্তিক এই অভিনেতাকে উদ্দেশ করে বলেন, আপনার জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা দরকার? আপনি কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন, কিন্তু জ্যেষ্ঠ নাগরিক নন। তাই ভোটের সারি ভাঙা আপনার উচিত নয়। অভিনেতা হোন আর মন্ত্রী হোন, লাইনে দাঁড়ান।

এ সময় কার্তিককে বোঝানোর চেষ্টা করেন চিরঞ্জীবী। ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তিনি লাইনের পেছনে গিয়ে দাঁড়াতে বাধ্য হন। এনডিটিভি।