'অভিযোগ তদন্তে সুবিধামতো সময় নেবে শ্রীলঙ্কা'
যুদ্ধাপরাধের অভিযোগ ‘নিরপেক্ষভাবে’ তদন্ত করতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সময় বেঁধে দেওয়ার জবাবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে বলেছেন, তাঁর দেশ এ জন্য ‘সুবিধামতো সময়’ নেবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শ্রীলঙ্কাকে আগামী মার্চ মাস পর্যন্ত সময় দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যেই সংখ্যালঘু তামিলদের বিরুদ্ধে সরকারি বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিশ্বাসযোগ্য তদন্ত করতে হবে। তা না হলে দেশটিকে আন্তর্জাতিক তদন্তের মুখোমুখি হতে হবে। কমনওয়েলথের শীর্ষ সম্মেলন থেকে কলম্বো ছাড়ার আগে এ কথা বলেন ক্যামেরন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন রাজাপক্ষে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেছেন, ‘কাচঘেরা ঘরের ভেতরে বসে বাইরের লোককে ঢিল ছোড়া উচিত নয়।’ শ্রীলঙ্কা তার ‘সুবিধামতো সময়’ অনুযায়ী অভিযোগের তদন্ত করবে।
কমনওয়েলথের শীর্ষ সম্মেলন উপলক্ষে শ্রীলঙ্কায় তিন দিন অবস্থানকালে দেশটির কাছ থেকে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে
দৃঢ় প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করেন ক্যামেরন। তবে শেষ পর্যন্ত খালি হাতেই দেশে ফিরেছেন তিনি।
২০০৯ সালে তামিল বিদ্রোহীদের পরাজিত করে শ্রীলঙ্কার ২৬ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটায় সরকারি বাহিনী। এ লড়াইয়ের শেষ দিকে তারা যুদ্ধ এলাকায় ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করে বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগ ওঠায় কমনওয়েলথভুক্ত ভারত, কানাডা ও মরিশাসের সরকারপ্রধানেরা এবারের সম্মেলন বর্জন করেছেন। গার্ডিয়ান।