'অভ্যুত্থান' ঠেকাতে পারবে কংগ্রেস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নয় পর্বের লোকসভা নির্বাচনের পাঁচ পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। কিন্তু ৫৪৩ আসনের লোকসভার ৩১১টিতেই এখনো ভোট হয়নি। এসব আসনে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন ৫০ কোটির বেশি ভোটার। বিভিন্ন রাজ্যের বাকি এসব আসন বড় দুই দল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য কঠিন পরীক্ষা।
২০০৯ সালের নির্বাচনে এই ৩১১ আসনের ১০৯টিতে কংগ্রেস এবং ৫৭টিতে বিজেপি জিতেছিল। কিন্তু এখন দেশজুড়ে বইছে ‘মোদি-ঝড়’। এই ঝড়ে ভর করে সেখানে ‘অভ্যুত্থান’ ঘটাতে পারে কি না, সেই পরীক্ষা বিজেপির। আর বিজেপির সেই ঝড়ের মোকাবিলা করে নিজেদের আসন ধরে রাখতে পারবে কি না, সেই পরীক্ষা কংগ্রেসের।
লোকসভার এক-পঞ্চমাংশের বেশি (১২০) আসন শুধু দুই রাজ্যে, উত্তর প্রদেশ ও বিহারে। এই দুই রাজ্যের ৮৬ আসনে এখনো ভোট বাকি। ২০০৯ সালের নির্বাচনে এই ৮৬টি আসনের মধ্যে মাত্র ১৩টি পেয়েছিল বিজেপি। তবে এবার তারা এই দুই রাজ্যে আরও ভালো করার আশা করছে।
বিহারের ৪০টি আসনের মধ্যে নির্বাচন বাকি ২৭টিতে। ২০০৯ সালের নির্বাচনে এই আসনগুলোর মধ্যে মাত্র চারটি পেয়েছিল কংগ্রেস ও তাদের মিত্র রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। এবার আরও বেশি আসন পাবে বলে আশা করছে তারা। আর উত্তর প্রদেশে যে ৫৯টি আসনে এখনো নির্বাচন হয়নি, সেখানে কংগ্রেস গতবারের চেয়ে এবার আরও খারাপ করবে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। এই ৫৯টি আসনের মধ্যে গতবার দলটি পেয়েছিল ১৯টি আসন।
বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাট ও পাঞ্জাবের বেশির ভাগ আসনে এখনো ভোট হয়নি। এর মধ্যে পাঞ্জাবে আট বছর ধরে ক্ষমতায় আছে বিজেপির পুরোনো মিত্র শিরোমণি আকালি দল। এ ছাড়া আছে অন্ধ্র প্রদেশ ও তামিল নাডু। ২০০৪ ও ২০০৯ সালের নির্বাচনে এই দুই রাজ্যে বিজেপি কোনো আসন পায়নি। দক্ষিণের এই রাজ্য দুটিতে ভালো করতে না পারলে মোদির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ কঠিন হয়ে উঠতে পারে। এখানে আগাগোড়া বিজেপির প্রভাব খুবই কম। কিন্তু এবার নতুন করে জোট করে সেখানে ভালো ফল পাওয়ার প্রত্যাশায় আছে বিজেপি।
আর পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ৩৮টিতে এখনো ভোট হয়নি। ২০০৯ সালের নির্বাচনে এই রাজ্যে বিজেপির ৪২ জন প্রার্থীর মধ্যে জিতেছিলেন একজনই, যশোবন্ত সিং। দল থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি এবার নিজের আসন রাজস্থানের বারমারে স্বতন্ত্র প্রার্থী। বিজেপির মতো কংগ্রেসেরও এই রাজ্যে তেমন খাওয়া নেই। এখানে লড়াইটা হবে মূলত মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের। তৃণমূল বর্তমানে রাজ্যের ক্ষমতায় আছে। তাদের আগে টানা কয়েক দশক ক্ষমতায় ছিল বামেরা।
কংগ্রেস ও বিজেপির নেতৃত্ব দেওয়া নেতাদের আসনে এখনো ভোট হয়নি। উত্তর প্রদেশের রায়বেরেলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এক রাজ্যের আমেথি আসনে ভোটযুদ্ধে লড়ছেন তাঁর ছেলে দলের সহসভাপতি রাহুল গান্ধী। এই দুই আসনে ভোট হবে যথাক্রমে ৩০ এপ্রিল ও ৭ মে।
বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি ভোট করছেন উত্তর প্রদেশেরই বারানসি আসন থেকে। সেখানে ভোট হবে ১২ মে।
এ ছাড়া আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল (বারানসি), বিজেপির এল কে আদভানি (গান্ধীনগর) এবং সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদবের (মেইনপুর ও আজমগড়) আসনে এখনো ভোট হয়নি। হিন্দুস্তান টাইমস।